জারিগান তৈরির টাকা আত্মসাৎ, মামলা
কাজ না করেই সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর (প্রকল্প পরিচালক) মো. আনোয়ারুল ইসলাম খানসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্প পরিচালক বর্তমানে অবসর প্রস্তুতিকালীন (এলপিআর) ছুটিতে রয়েছেন। আসামিরা সবাই পরস্পরের যোগসাজশে দুই প্রকল্প থেকে মোট ১২ লাখ ২৮ হাজার ৬৫৬ টাকা আত্মসাত্ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় দুদকের উপসহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান ও মো. আল-আমিন বাদী হয়ে ওই প্রকল্প পরিচালককে আসামি করে দুটি পৃথক মামলা করেন। দুই মামলায় অপর আসামিরা হলেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর দরপত্র কমিটির সদস্য সাবেক উপপ্রধান মো. সাজ্জাদুর রহমান, মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার মো. আবু হানিফ, প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রধান মো. মতিয়ার রহমান ও শরিফুল ইসলাম, হিসাবরক্ষক রফিকুল ইসলাম এবং ঠিকাদারি প্রচারণা প্রতিষ্ঠান আলিফ অ্যাডের স্বত্বাধিকারী ও মহাব্যবস্থাপক (জিএম) তৌফিকুল ইসলাম।ওই দুই মামলার এজাহারে উল্লেখ করা হয়, জাইকার অর্থায়নে ডায়রিয়াসংক্রান্ত স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রকল্পের জারিগান তৈরিসহ প্রকল্পের চারটি কাজ না করেই আসামিরা পরস্পর যোগসাজশে ছয় লাখ ৫৬ হাজার ২৬৫ টাকা আত্মসাত্ করেন। আর জাইকার আরেকটি প্রকল্প সোয়াইন ফ্লু-সম্পর্কিত প্রচারণার জন্য জারিগান তৈরিসহ চারটি কাজ না করে পাঁচ লাখ ৭২ হাজার ৪০০ টাকা আত্মসাত্ করেন তাঁরা।দুটি প্রকল্পেই প্রচারণা সংস্থা আলিফ অ্যাডের মালিক কোনো কাজে অংশ নেননি। এমনকি তিনি কোনো কোটেশন (প্রস্তাবিত মূল্য) বা বিল-ভাউচারও দাখিল করেননি। কিন্তু প্রতিটি বিলের চেক মালিক তৌফিকুল ইসলামের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা ও নগদে তোলা হয়েছে বলে দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।অন্যদিকে প্রকল্প পরিচালক মো. আনোয়ারুল ইসলাম খান কাগজপত্র জাল করে নিজ (ভুয়া) প্রতিষ্ঠানের নামে কাজ দেখিয়ে তৌফিকুল ইসলামের সই করা চেক নিয়ে তাতে নিজেই টাকার অঙ্ক বসিয়ে ব্যাংক থেকে তুলে নিতেন। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অন্য কর্মকর্তারা জাল জালিয়াতির মাধ্যমে আনোয়ারুল ইসলাম খানের দাপ্তরিক কাজ করে দিতেন।