দেখতে দেখতে বয়স আমার ৭০ পার হলো। ১৯৩৯ সালের জানুয়ারির এক তারিখে আমার জন্ম। চার যুগ ধরে বাংলার মঞ্চ মাতাইছি। এখন কথা কইতে পারি না। সব কথাই শুনতে পাই, বুঝতে পাই, কইতে চাই কিন্তু পারি না। সবচেয়ে বড় কষ্ট, এখন গান গাইতে পারি না। আমার একটা গান আছে—দেহঘড়ি। গানটা আমাকে কিছু দিছে। এর জন্য অনেক প্রশংসাই পাইছি। এর বাইরে আরও অনেক গান গাইলাম। এ দেশের সবখানেই গান করছি। আমার গুরু আলাউদ্দিন বয়াতির গানসহ আফতাবের গান, লালনগীতি, কবিগান, জারিগান, বিচারগান, সারি, মারফতি, মুর্শিদি, দেহতত্ত্ব, বিচ্ছেদী, এর বাইরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ, নির্বাচনী, টিকাদান, দুর্যোগ-বন্যা—এসব বিষয়ে গান বানাইছি আর গাইছি।সব মিলাইয়া শ তিন-চাইর শ হইব আমার লেখা গান। ‘মরণের কথা কেন স্মরণ করো না’, ‘আমার এত সাধের রংমহল ঘর ইঁদুরে কেটে বিনাশ করতেছে’, ‘আমার মাটির ঘরে ইঁদুর ঢুকেছে’, ‘আমি ভুলি ভুলি মনে করি প্রাণের ধৈর্য মানে না’, ‘হাটের মাঝে ভাঙল হাঁড়ি, টাকুরটুকুর বাজে ঢোল’, ‘আয় রে পাগলের দলে আয়’, ‘ঘুড্ডি হয় তিন তালা’, ‘কাম কামেলা খেলছে খেলা বাতাস পাইয়া’, ‘বাবায় আমায় দিল বিয়ারে, বুড়া জামাই চাইয়া’, ‘আমায় এত দুঃখ দিলি বন্ধুরে’, ‘মনপাগলে কাঁটাবনে মধু খাইতে যাইয়ো না’, ‘আমাদের বাংলাদেশের গান’—এ রকম আরও অনেক গান সারা দেশের মানুষ শুনছে।আমার গানের মূলভাব হইল ‘মানুষ’। কইতে আইলাম, কই যামু, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব এক, জাত নাই, ধর্ম নাই, সবাই মানুষ একই।আব্বার বেশির ভাগ গানই দেহতত্ত্বের গান। আমার দেহঘড়ি গানটিও মূলত দেহতত্ত্বের গান। দেহের ভেতর যে কলকব্জা রয়েছে, তারই বর্ণনা। জারিগানে আবদুল গণি, খবির দেওয়ান, মোসলেম উদ্দিন, সাইদুর রহমান; পালাগানে খালেক দেওয়ান, রজব আলী দেওয়ান, দলিলুদ্দিন বয়াতি, হালিম বয়াতি, রশিদ সরকার, সমশের আলি, আলেক দেওয়ান, ননী ঠাকুর, মারফত আলী, আলাউদ্দিন বয়াতি, মাখন দেওয়ান, আবুল সরকার, পরেশ আলী দেওয়ান—এমন অনেকেই রয়েছেন, যাঁদের সঙ্গে গান গাইছি। বিচ্ছেদী গানও গাইছ। ওটা পালাগানেরই একটা অংশ। পালাগান গাইতে গাইতে, রাত দুইটার পর বিচ্ছেদী গান গাওয়া বিজয় বিচ্ছেদী গান খুব নাম করেছে। কবিয়াল বিজয় সরকারের গানকে ‘বিজয় বিচ্ছেদ’ বলে। আর আমার গানগুলো একটু হালকা, মানে পাবলিক শুনতে খুব মজা পাইত। যেমন ‘পিরিতে কইরাছে কলঙ্কিনী, প্রাণ সজনী, পিরিতে কইরাছে কলঙ্কিনী’, ‘আমি ভুলি ভুলি, মনে করি সইগো, প্রাণের ধৈর্য মানে না, বন্ধুরে ভুলিতে পারি না’—এ রকম ষাইট-সত্তরটা বিচ্ছেদী গান বানাইছি। নবী-রসুল, আউলিয়া, সাহাবিদের নিয়ে অনেক জারিগান গাইছি। জারিগানের প্রায় ২০০ ক্যাসেট বাজারে আছে। আমাকে তো একসময় জারিসম্রাটও কওয়া হইত। অন্য গানের ক্যাসেটও পাঁচ-ছয় শ হইব।অ্যান কোম্পানি, ডন, দোয়েল, এইচআরসি, সাউন্ডটেক, এটিএন মিউজিকসহ বিভিন্ন কোম্পানিতে ক্যাসেট আছে। ২৫-৩০ বছর আগের অল্প টাকার চুক্তিতে রেকর্ড হতো। আমি তখন একেক দিন একটা কইরা ক্যাসেট করতাম। ক্যাসেটে কবি আলাউদ্দিন বয়াতি, জালালুদ্দিন, খালেক দেওয়ান সাহেবের গান, রজব আলী দেওয়ান, মালেক দেওয়ান এ রকম প্রবীণ যাঁরা ছিলেন তাঁদের গানও গাইছি। তবে আমার গুরু আলাউদ্দিন বয়াতির গানই বেশি গাইছি। তাঁর প্রায় এক হাজার গান আছে। চার খণ্ড বইতে এগুলো ছাপা হইছে। ভালো কবি ছিলেন তিনি।আমেরিকা, স্কটল্যান্ড, জাপান, রাশিয়া, ইরান, ভারত, জার্মান, ইংল্যান্ড, বাহরাইন, আবুধাবি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, কাতার—সব মিলে ৩০/৩৫ দেশে গান লইয়া ঘুরছি। ।সিনেমার জন্যই গান গাইছি। সিনেমায় অভিনয়ও করছি। মাসুদ পারভেজের গুনাহগার ছবিতে গাইছি ‘আল্লা মানুষ বানাইয়া খেলছ যারে লইয়া/সেই মানুষ কেমনে গুনাহগার’, আমজাদ হোসেনের কসাই ছবিতে জারি সুরে গান ‘আরে প্রথমে বন্দনা করি আল্লা মালেক সাঁই/যাঁর উপাস্য ত্রিভুবনে অন্য কেহ নাই’, হূদয় থেকে হূদয় ছবিতে বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে/সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে’, খান আতার ছবি ফারাক্কায় ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি’ গানটা গাইছি। হাফিজ উদ্দিনের অসতী ছবিতেও একটা গান আছে। এখন বয়স হয়েছে। অধিকাংশ লোকশিল্পীর শেষকাল দারিদ্র্যে কাটে। আমার ব্যাপারেও হয়তো তেমন কিছু ঘটেছে। আমাদের আদিনিবাস বিক্রমপুরে। আমাদের চারতলা বিল্ডিং ছিল। আমার বাবা তোতা মিয়া হোটেলের ব্যবসা করতেন। ১৯৯৯ সালে সবকিছু বিক্রি করে দিয়ে এখন ভাড়াবাসায় থাকি। ভাবলেই চোখে জল আসে। আমি গান নিয়ে পইড়া ছিলাম। অন্য কোনো পথে যাই নাই। আমার ছেলেও এই পথেই আছে।২০০৩ সালে অসুস্থ হইয়া পড়ি। ডাক্তার বলে ব্রেইনে রক্তের ছিটা জইমা আছে। এগুলো ধীরে ধীরে কাইটা যাইব, সাত বছর চইলা গেল, ভালো তো হয় না। বিদেশ যাইতে পারলে হয়তো ভালো হইতে পারতাম।অসুস্থ হওয়ার পরে আর গান গাইতে পারি না। শিষ্যরা মাঝেমধ্যে আসে। আমার ছেলে আলমও গান করে। ও আমার লগে হারমোনিয়াম বাজাইছে। এখন কি-বোর্ড বাজায়। যা পায়, তা-ই দিয়ে চলি। এভাবে আর কত দিন, জানি না!অনুলিখন: সাইম রানা