জারোয়াদের অর্ধনগ্ন ভিডিও ধারণকারী সেই পুলিশ গ্রেপ্তার (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিপন্ন জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জারোয়াদের নাচতে নির্দেশ দিয়েছিলেন এবং সেই নাচের ভিডিওচিত্র ধারণ করেছেন।জারোয়া আদিবাসীদের তথ্য ও বর্ণনার সূত্র ধরে আন্দামান ও নিকোবারের পুলিশ সিলভারিয়াস কিনডো নামের ওই কনস্টেবলকে গ্রেপ্তার করে। অন্য অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।আন্দামান নিকোবরের পুলিশের একজন মুখপাত্র জানান, ‘ধারণা করা হচ্ছে ভিডিওচিত্রটি ২০০৭ সালের জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে ধারণ করা হয়েছিল। টিভি চ্যানেলে প্রচারিত ভিডিওচিত্রটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মাধ্যমে ওই ভিডিওচিত্রটি কবে তৈরি করা হয়েছে এবং কী ধরনের যন্ত্রের মাধ্যমে ভিডিও করা হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’কিছুদিন আগে এনডিটিভিতে এটি নিয়ে একটি ভিডিওচিত্র প্রচারের সঙ্গে সঙ্গেই এই ভিডিওচিত্রটি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। অনেকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন।এনডিটিভিতে প্রচারিত ওই ভিডিও চিত্রে দেখা গেছে, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিপন্ন জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করে পুলিশ। আর সরকারি কর্মকর্তারাই বিপন্ন এ আদিবাসীদের নাচ উপভোগ করছেন। এর আগে গত ১১ জানুয়ারি পর্যটকদের মনোরঞ্জনের জন্য জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল ভারত সরকার। সে সময় টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছিল, এ ঘটনা কেন ঘটানো হয়েছে, তার যুক্তিযুক্ত ব্যাখ্যা আন্দামান-নিকোবরের প্রশাসনের কাছে চেয়েছিল ভারত সরকার।

ভারতের আদিবাসী-বিষয়ক মন্ত্রী কে পি সিং ডিও বলেছিলেন, ‘আন্দামান নিকোবরের ওই ঘটনা সত্যি হলে অবশ্যই তা অসম্মানজনক এবং ক্ষমার অযোগ্য। এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’আইন ও সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ বলেছিলেন, যারা আদিবাসী নারীদের অর্ধনগ্ন করে নাচতে বাধ্য করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।দ্য গার্ডিয়ান পত্রিকা তাদের ওয়েবসাইটে ভিডিও ফুটেজসহ এ খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল। সেখানে দেখানো হয়েছে এক পর্যটকের সামনে আন্দামানের জারোয়া আদিবাসী নারীদের অর্ধনগ্ন হয়ে নাচার জন্য ক্যামেরার পেছন থেকে নির্দেশ দিচ্ছেন পুলিশের এক কর্মকর্তা।ওয়েবসাইটটি বলছে, হাজার হাজার বছর ধরে আন্দামান দ্বীপে জারোয়া আদিবাসীরা শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি পর্যটন প্রতিষ্ঠানগুলো জারোয়াদের জঙ্গল পর্যন্ত তাদের বিস্তৃতি ঘটিয়েছে। আর বিত্তবান পর্যটকদের অর্থের বিনিময়ে আদিবাসী নারীদের নগ্ন করে পর্যটকদের সামনে নাচাতে বাধ্য করে পুলিশ।