জার্মান প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ তিন দিনের সরকারি সফরে গতকাল সোমবার বাংলাদেশে এসেছেন। গতকাল দুপুর একটা ২০ মিনিটে ‘লুফথানসা’ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁকে স্বাগত জানান। এ সময় ২১ বার তোপধ্বনি এবং তাঁকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল জার্মান প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, তিন বাহিনীর প্রধানেরা, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত মিশেল হলগার এবং জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নানসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ক্রিস্টিয়ান ভুল্ফকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। জার্মান প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে ঢাকা ও বার্লিনের মধ্যে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা সফর করছেন। তিনি জার্মান পার্লামেন্ট সদস্য এবং পররাষ্ট্র, অর্থ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারিসহ উচ্চপর্যায়ের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত ৮৪ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১৯৮৬ সালের পর কোনো জার্মান প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর।ক্রিস্টিয়ান ভুল্ফ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় জার্মান প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করে। সাভার থেকে জার্মান প্রেসিডেন্ট সরাসরি হোটেল ওয়েস্টিনে আসেন। এখানে তিনি জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জার্মান প্রেসিডেন্টের সঙ্গে তাঁর হোটেল স্যুইটে সাক্ষাৎ করেন। জার্মান প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর সোয়া ১২টায় হোটেল রূপসী বাংলায় জার্মান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনা জার্মান প্রেসিডেন্টের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করবেন। এরপর ক্রিস্টিয়ান ভুল্ফ দুইটা ২০ মিনিটে একই হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। হোটেল রূপসী বাংলা থেকে জার্মান প্রেসিডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন। সেখানে তিনি এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। পরে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দেওয়া রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন। নৈশভোজে যোগ দেওয়ার আগে দুই রাষ্ট্রপ্রধান ২৫ মিনিট স্থায়ী দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। জার্মান প্রেসিডেন্ট ৩০ নভেম্বর বিকেলে ঢাকা ত্যাগ করবেন। ক্রিস্টিয়ান ভুল্ফ গত বছরের ৩০ জুন জার্মান প্রেসিডেন্ট নির্বাচিত হন। বাসস।