জার্মানিকে নিয়ে আশাবাদী হতে পারছি না: লোথার ম্যাথাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের বিশ্বকাপ-জয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস এখন পুরোদস্তুর টেলিভিশন ভাষ্যকার। এবারের বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সঙ্গে। তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। জার্মানির জার্সি গায়েও তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। ফিফা ডটকমের সঙ্গে এক সাক্ষাত্কারে ম্যাথাউস জানিয়েছেন, ‘মিডিয়া কর্মী’ হিসেবে নিজের নতুন চাকরি সম্পর্কে। এর পাশাপাশি তিনি কথা বলেছেন বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা সম্পর্কে। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য সাক্ষাত্কারটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো:প্রশ্ন: আপনি সম্প্রতি আল জাজিরার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এটা কি শুধু বিশ্বকাপের জন্য, নাকি ভবিষ্যতে স্থায়ীভাবেই মিডিয়ায় থাকার ইচ্ছা আছে?ম্যাথাউস: আমি ফুটবল খেলাটা ভালোবাসি, নিজে সর্বোচ্চ পর্যায়ে খেলেছি। খেলা ছাড়ার পর ফুটবল নিয়েই আছি। ফুটবলে সম্পৃক্ত থাকতেই আমি ভালোবাসি। এই মুহূর্তে আমি আল জাজিরার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। কাজটি আমি দারুণ উপভোগ করছি। তবে আমি আবার কোচিংয়ে ফিরে যেতে চাই। কিন্তু কোচিং নিয়ে আমার ব্যক্তিগত কিছু লক্ষ্য রয়েছে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও কয়েকটি কোচিং প্রস্তাবে আমি সই করিনি। এর একমাত্র কারণ ওই প্রস্তাবগুলোতে এমন কিছু ছিল, যা আমার লক্ষ্যের সঙ্গে মিলছিল না। আমি সবকিছু দেখে-শুনে বিচার-বিবেচনা সাপেক্ষে আবার কোচিংয়ে ফিরব। মানুষ হিসেবে আমি কোনো ব্যাপারেই হুট করে সিদ্ধান্ত নিই না। ধৈর্য নিয়ে আপেক্ষা করব।প্রশ্ন: চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার পর সম্প্রতি হোসে মারিনহো ইন্টারমিলানের কোচের পদ ছেড়ে দিয়েছেন। আপনার কি ইন্টারের কোচ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে?ম্যাথাউস: আমি প্রথমেই ইন্টার মিলানকে অভিনন্দন জানাতে চাই। তারা দারুণ খেলে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। এটা ঠিক, আমার ইন্টার মিলানের সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে বর্তমানে আমি বায়ার্ন মিউনিখের সঙ্গেই বেশি সম্পৃক্ত। ইন্টারের কোচ হতে হলে আমাকে বায়ার্নের সম্পৃক্ততা ত্যাগ করতে হবে। এই মুহূর্তে ইন্টারের কোচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইন্টারের মতো দলের কোচ হওয়ার মতো যথেষ্ট সাফল্য কোচ হিসেবে আমার নেই।প্রশ্ন: দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন?ম্যাাথাউস: বিশ্বকাপ ফুটবলের এক বৃহত্ উত্সব। গতবার জার্মানি বিশ্বকাপের সফল আয়োজক ছিল। আমি ২০০৬ সালের মতোই একটি সফল আয়োজন দেখতে চাই। আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ সফল হবেই। দক্ষিণ আফ্রিকার মানুষ ফুটবল পাগল। আশা করি, ফুটবলের প্রতি তাদের ভালোবাসা মাঠ, গ্যালারি সব জায়গাতেই প্রতিফলিত হবে।প্রশ্ন: নিজের দেশ জার্মানি সম্পর্কে আপনার অভিমত কী? আপনার মতে, বিশ্বকাপে জার্মানির সম্ভাবনা কতটুকু?ম্যাথাউস: জার্মানির প্রস্তুতি চলছে দেখছি। তবে প্রস্তুতি বাইরে থেকে যা দেখছি, তাতে সন্তুষ্ট হতে পারছি না। আঘাতের কারণে মাইকেল বালাককে হারানো জার্মানির জন্য একটি বিরাট ক্ষতি। বালাক একজন অভিজ্ঞ খেলোয়াড়। বিশ্বকাপে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। সব মিলিয়ে জার্মানির ব্যাপারে আমি আশাবাদী হতে পারছি না।প্রশ্ন: আপনি বলেছেন, মাইকেল বালাককে হারানো একটি বিরাট ক্ষতি। জার্মানি তো ১ নম্বর গোলরক্ষক রেনে এডলারকেও হারিয়ে বসে আছে। ব্যাপারটি কীভাবে দেখছেন?ম্যাথাউস: দেখুন, রেনে এডলারের ব্যাপারটি একটু ভিন্ন। তিনি মাইকেল বালাকের মতো অত শক্তিশালী খেলোয়াড় নন। রেনে এডলারের মতোই খেলছেন জার্মানির অন্য গোলরক্ষকেরা। তাই এডলারকে হারানো জার্মানির জন্য পুষিয়ে নেওয়ার মতো ক্ষতি। তবে মাইকেল বালাকের কথা আলাদা।প্রশ্ন: ফিলিপ লাম বালাকের অনুপস্থিতিতে অধিনায়ক হয়েছেন। আপানি তাঁকে নিয়ে কতটা আশাবাদী?ম্যাথাউস: মাইকেল বালাকের পর দলের সেরা খেলোয়াড়ই অধিনায়ক হয়েছেন। এমনিতেই তিনি অধিনায়ক হতেন। তবে লাম যদি রক্ষণভাগের খেলোয়াড় না হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হতেন, তাহলে ভালো হতো। তবে আমার মনে হয়, লাম একজন পরিপূর্ণ খেলোয়াড়। দলের সবাই তাঁকে শ্রদ্ধা করেন। একজন অধিনায়ক হিসেবে সব গুণাবলিই ফিলিপ লামের রয়েছে।প্রশ্ন: বিশ্বকাপে কার সম্ভাবনা কতটুকু? আপনার মতে বিশ্বকাপ জিতবে কে?ম্যাথাউস: বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে ব্রাজিল, স্পেন ও আর্জেন্টিনা। নেদারল্যান্ড কাপ জিতলেও আমার ভালো লাগবে। দলটির বিশ্বকাপ সাফল্য প্রয়োজন। এবারের ডাচ দলটি সত্যিই ভালো। তবে ১৯৭৪ ও ১৯৭৮ ছাড়া বিশ্বকাপে কখনই নেদারল্যান্ড কেন যেন ভালো খেলেনি। আমার মতে, ডাচ খেলোয়াড়দের ব্যক্তিগত স্বার্থপরতা দলটিকে সব সময় ভুগিয়েছে।প্রশ্ন: এবারের বিশ্বকাপ হচ্ছে আফ্রিকায়। আফ্রিকার দলগুলো কেমন খেলবে বলে আপনি মনে করেন?ম্যাথাউস: এবারের বিশ্বকাপে আফ্রিকা থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাসহ খেলছে ঘানা, নাইজেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট ও আলজেরিয়া। দলগুলোর মধ্যে আমার দৃষ্টিতে দক্ষিণ আফ্রিকাই সবচেয়ে দুর্বল। এটা আমার ব্যক্তিগত অভিমত। তবে আফ্রিকায় খেলা হওয়ার কারণে দলগুলো কন্ডিশনের সুবিধা পাবে। দলগুলোর অনেক খেলোয়াড়ই ইউরোপে বিভিন্ন পেশাদার লিগে খেলেন, এটাও একটা বিরাট সুবিধা। আমি যেকোনো একটি আফ্রিকান দলকে সেমিফাইনালে দেখতে চাই। আমি ভাঙাগড়ার বিশ্বকাপ দেখতে চাই। আফ্রিকার দলগুলো কয়েকটি ফেবারিটকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিতে পারলে দারুণ হবে।