জার্মানিতে ইউনূসের সামাজিক ব্যবসা নিয়ে সম্মেলন
শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে জার্মানিতে সে দেশের ১৭০ জন মেয়র সম্প্রতি এক সম্মেলনে মিলিত হয়ে সামাজিক ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। লিসব্যাডেনের সিটি মেয়র হেলমুট ম্যুলারের নেতৃত্বে মেয়ররা আলোচনায় যোগ দেন। খবর ইউএনবির।জার্মানির গুরুত্বপূর্ণ শহরগুলোতে সামাজিক ব্যবসার ধারণাকে কীভাবে পরিচিত করানো এবং তা বাস্তবায়ন করা যায়, মেয়ররা তা নিয়ে আলোচনা করেন। হেলমুট ম্যুলার এ সম্মেলনের উদ্যোক্তা।মুহাম্মদ ইউনূস ওই সম্মেলনে উন্নয়নশীল ও উন্নত বিশ্বের সামাজিক সমস্যা মোকাবিলায় সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরেন। সামাজিক ব্যবসা নিয়ে জার্মানিতে অনুষ্ঠিত মেয়রদের প্রথম সম্মেলনে ড. ইউনূস বক্তব্য রাখায় ম্যুলার সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মেয়রদের এ সম্মেলন স্থানীয় সম্পদ ও জনদক্ষতা কাজে লাগিয়ে সামাজিক সমস্যা নতুন পন্থায় মোকাবিলা করার বিষয়ে আমাদের আগ্রহী করে তুলবে।’বিশ্বে প্রথম যে দুটি শহরে সামাজিক ব্যবসার তত্ত্ব বিস্তারিতভাবে প্রয়োগ করেছে, লিসব্যাডেন তার একটি। এ কারণে শহরটি সোশ্যাল বিজনেস সিটি নামেও পরিচিতি পায়।সোশ্যাল বিজনেস চেয়ার: এদিকে জার্মানির ইউরোপিয়ান বিজনেস স্কুল (ইবিএস) ইউনিভার্সিটিতে সোশ্যাল বিজনেস চেয়ার নামের একটি চেয়ারের উদ্বোধন করেছেন মুহাম্মদ ইউনূস। জার্মানিতে সামাজিক ব্যবসার সমর্থনে প্রথমবারের মতো এই চেয়ারটির উদ্বোধন করা হয়। সেখানে মুহাম্মদ ইউনূস বলেন, সামাজিক ব্যবসার ধারণাকে ছড়িয়ে দিতে এবং পরবর্তী প্রজন্মের নেতা ও নীতিনির্ধারকদের প্রশিক্ষিত করে তোলার ক্ষেত্রে ইবিএসের সঙ্গে তাঁদের অংশীদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।