জার্মানিতে ছাদ থেকে উদ্ধার হচ্ছে বন্যাকবলিত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য ইউরোপে টানা প্রবল বর্ষণে বন্যাপরিস্থিতির আরও অবনতি হয়েছে। জার্মানির একটি শহরে বাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া মানুষ। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, দানিউব ও এইবা নদীর পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৪০০ বছরের মধ্যে নদীর পানি এবারই সর্বোচ্চ ফুঁসে উঠেছে। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর হালে থেকে ৩০ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ডেগেনডর্ফ শহরে বন্যায় আটকে পড়া অনেকে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে। হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হচ্ছে তাদের।ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, বারভারিয়ান শহরে প্রায় ১০ ফুট উচ্চতায় পানি বয়ে যাচ্ছে।ফায়ার সার্ভিসের ৪০ হাজার কর্মী, পাঁচ হাজার সেনাসদস্য ও হাজারো স্বেচ্ছাসেবী উদ্ধারকাজে অংশ নিয়েছেন। মেকলেনবার্গ-পোমারানিয়া রাজ্যের পরিবেশমন্ত্রী টিল বেকহাস জার্মান বার্তা সংস্থা ডিপিএ-কে বলেন, ‘পরিস্থিতি এর চেয়ে খারাপ হতে পারে। এ জন্য সতর্ক থাকতে হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’মধ্য ইউরোপের এই বন্যার পানি এবার বিভিন্ন গ্রাম ও দ্বীপের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও শস্য সবখানেই বন্যার পানি। সড়কও রেলযোগাযোগ বিঘ্নিত হচ্ছে। প্রাগ ও বার্লিনের মধ্যকার প্রধান রেল সড়ক এখন পানির নিচে। বেশির ভাগ এলাকা বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখানে খাবারের পানির অভাব দেখা দিয়েছে।