জার্মানিতে পুরস্কৃত অপি করিম
অভিনয়শিল্পী অপি করিম ২০১০ সালের ১ অক্টোবর জার্মানির ব্যানবুর্গে অ্যানহাল্ট বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে স্নাতকোত্তর করার জন্য পাড়ি জমান। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপি করিমকে ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লরি পারফর্মেন্স’-এ ভূষিত করেছে। গতকাল ৩০ জানুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আইনার ক্রেজলার আনুষ্ঠানিকভাবে অপি করিমের হাতে পুরস্কারটি হস্তান্তর করেন।অপি করিমের পুরস্কারপ্রাপ্তির বিষয়টি তাঁর স্বামী মাসুদ হাসান উজ্জ্বল প্রথম আলো অনলাইনকে নিশ্চিত করেছেন। ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লরি পারফর্মেন্স’ পুরস্কারের মূল্যমান ১০০০ ইউরো।জানা গেছে, ল্যান্ডস্কেপ আর্কিটেকচার পড়ার আগে ইংরেজি সাহিত্যের একটি কোর্সেও অপি করিমের অনেক ভালো ফলাফল ছিল। অপি বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আর সবকিছু মিলিয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপি করিমকে এ পুরস্কার প্রদান করেছে বলে জানা গেছে। অ্যানহাল্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট এক বিবৃতিতে অপি করিমকে বড় সম্পদ হিসেবেও অভিহিত করেছেন।