জার্মানিতে বহু সাংস্কৃতিক সমাজব্যবস্থার ধারণা ব্যর্থ হয়েছে: মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে একটি বহু সংস্কৃতির সমাজব্যবস্থা গড়ার যে স্বপ্ন ছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মনে করেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।আজ রোববার তিনি তাঁর নিজ দল রক্ষণশীল খ্রিষ্টান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) এক সম্মেলনে এ কথা বলেন। মেরকেল তাঁর বক্তব্যে বলেন, জার্মানিতে একটি বহু সংস্কৃতির সমাজ গড়ার চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কথিত বহু সংস্কৃতির ধারণায় ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের পাশাপাশি সুখে-শান্তিতে বসবাস করার কথা থাকলেও জার্মানিতে তা কাজ করেনি। সম্প্রতি জার্মানির মূলধারার রাজনীতিবিদেরা অভিবাসীদের ব্যাপারে কঠোর মনোভাব প্রকাশ করার পরপরই তিনি এ মন্তব্য করলেন।এদিকে জার্মানির একটি গবেষণা সংস্থা ফেসরিচ এবার্ট ফাউন্ডেশনের এক জরিপে দেখা গেছে, ৩০ শতাংশের বেশি জার্মান নাগরিক বিশ্বাস করে, তাদের দেশ বিদেশিদের দ্বারা বিপর্যস্ত। এ গবেষণায় আরও বলা হয়েছে, অপর ৩০ শতাংশ জার্মান নাগরিক দৃঢ়ভাবে বিশ্বাস করেন জার্মানির এক কোটি ৬০ লাখ অভিবাসী দেশটিতে শুধু সামাজিক সুবিধা নেওয়ার জন্যই এসেছে।এ প্রসঙ্গে মেরকেল হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা ষাটের দশকের শুরুতে বিদেশিদের আমাদের দেশে আসার আহ্বান জানিয়েছিলাম। এখন তারা এখানে বাস করছে। কিন্তু আমরা যখন এই অভিবাসীদের সম্পর্কে বলি, তারা এখানে থাকবে না এবং একসময় চলে যাবে; তখন আমরা নিজেদেরই হাস্যকর করে তুলি। বাস্তবতা কিন্তু এমনটা নয়।’মেরকেল সবাইকে বহু সংস্কৃতির একটি ঐক্যবদ্ধ জার্মানি গঠনের আহ্বান জানান এবং অভিবাসীদের জার্মান ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেন।—বিবিসি