জাল ছাড়পত্রে জামিন নিতে এসে প্রতারক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর আদালতের ভুয়া ছাড়পত্র দিয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার এক আসামিকে ছাড়িয়ে নিতে এসে মশিয়ার হোসেন ওরফে বাবু নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। ৩০ বছর সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি কাবের উদ্দীন ওরফে কাবার জামিন নিতে এলে ১০ অক্টোবর দুপুরে বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি যশোরের চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামে।কারাগার সূত্রে জানা গেছে, হত্যা মামলার ওই আসামিকে মুক্তি দেওয়ার জন্য সম্প্রতি মেহেরপুর আদালতের মুখ্য বিচারিক হাকিমের সিল ও স্বাক্ষরযুক্ত ডাকযোগে যশোর কারাগারে একটি ছাড়পত্র পাঠানো হয়। সিল, স্বাক্ষর ও খাম দেখে কারা কর্তৃপক্ষের সন্দেহ হলে তদন্ত করা হয়। তদন্তে ছাড়পত্রটি ভুয়া প্রমাণিত হয়। ছাড়পত্রে উল্লেখ করা হয়, নির্দিষ্ট দিনে জালিয়াত চক্রের সদস্য বাবু ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার জন্য কারাগারে এলে যশোর কোতোয়ালি থানার পুলিশ ডেকে তাঁকে ধরিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর কাছ থেকে সাড়ে ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। কারাগারের জেলার কামরুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ২০০৪ সালে মেহেরপুর জেলা জজের আদালত একটি হত্যা মামলায় কাবাকে ৩০ বছরের কারাদণ্ড দেন। একটি জালিয়াত চক্র আদালতের ভুয়া কাগজপত্র বানিয়ে বিচারকের স্বাক্ষর জাল করে প্রথমে ডাকযোগে ছাড়পত্র পাঠিয়ে দেয়। তারপর ছাড়পত্রে উল্লিখিত তারিখ অনুযায়ী তারা নির্দিষ্ট দিনে আসামিদের জামিন নিতে আসে। এদিন বাবু নামের এক ব্যক্তি কারাগারে এসে এক ডেপুটি জেলারকে ২০ হাজার টাকা ঘুষ দেওয়ারও প্রস্তাব দেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, বাবুকে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।রেড ক্রিসেন্ট এমএম কলেজ শাখার কমিটি গঠন: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ১১ অক্টোবর গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক ইতিহাস বিভাগের প্রভাষক আব্বাস আলী, যুবপ্রধান আলামিন হোসেন, উপ-যুবপ্রধান এস এম টিপু ও অহিন কুমার পাল। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে সভা অনুষ্ঠিত হয়।