‘এক ক্রেতা একটি ব্যাগ কিনলেন। তিনি যে টাকাটা দিলেন, সেটা ছিল জাল। সেটি সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেললাম। তা নিয়ে সেই ক্রেতা ঝামেলা শুরু করলেন। শেষে পুলিশে ফোন করতে গেলে তিনি কেটে পড়েন।’ বলছিলেন পরীবাগ মিউনিসিপ্যালিটি সুপার মার্কেটের আর্টিসান প্রোডাক্টসের ম্যানেজার আসগর আলী।নগরের বাজারে যে জাল টাকা চালানোর প্রবণতা বেড়েছে, তা বোঝা যায় কেনাকাটা করতে গেলেই। বিক্রেতারা নতুন টাকার নোট নেওয়ার সময় নানাভাবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয়ে নোটটা নেন। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বাজারে নতুন নোট ছাড়ার পর জাল নোট তৈরি ও বাজারজাতের সঙ্গে জড়িত চক্রগুলোর তৎপরতা বেড়ে গেছে। এ ছাড়া ঈদুল আজহাকে কেন্দ্র করেও চক্রগুলোর তৎপরতা বাড়ছে। কোরবানির পশুর হাটে তারা জাল টাকায় লেনদেনের চেষ্টা করে।নতুন বের হওয়া ১০০ ও ৫০০ টাকার আসল নোটের বৈশিষ্ট্য জানাতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নোট জালকারীদের প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন করার চেষ্টা করছে তারা। জালিয়াত চক্র যাতে ঈদের বাজারে জাল টাকা ব্যবহার করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আটঘাট বেঁধে নেমেছে। জালিয়াত চক্র ধরতে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে নগরের প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্ত করার যন্ত্র রাখতে ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।পশুর হাটে শনাক্তকরণ যন্ত্রদেশের বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে ঢাকার কোরবানির পশুর হাটগুলোয় আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা। গরু পরিবহন ও বিক্রির ব্যস্ততায় টাকা আসল না নকল, সেদিকে তাঁদের লক্ষ থাকবে কম। এ সুযোগে গরু কিনে তাঁদের জাল টাকা গছিয়ে দিতে চেষ্টা করবে জালিয়াত চক্র।বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নগরের ১৭টি গরুর হাটে থাকবে জাল শনাক্তকরণ যন্ত্র। এগুলো বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিচালিত হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার সাইফুল ইসলাম খান জানান, যে কেউ বিনা মূল্যে যন্ত্রটি থেকে টাকা শনাক্তকরণের কাজটি করিয়ে নিতে পারবে। কোরবানির হাটে আসা সবার উচিত, মেশিনে পরীক্ষা করে তবেই টাকা লেনদেন করা। শনাক্তকরণের যন্ত্র দিয়ে সহজেই আসল ব্যাংক নোট আর জাল নোট আলাদা করা যায়। টাকা বানাতে বিশেষ ধরনের কাগজ ব্যবহার করা হয়। কাগজের ছাপা ও নকশায়ও ব্যবহার করা হয় বিশেষ কিছু পদ্ধতি। খালি চোখে বোঝা কষ্টকর হলেও যন্ত্রে খুব সহজে তা বোঝা যায়। বিদ্যুচ্চালিত এসব যন্ত্রে টাকা রাখলে রঙিন নানা আঁকিবুঁকি দেখা যায়, যেটা জাল টাকায় থাকে না।সাইফুল ইসলাম খান জানান, গরুর হাটে টাকা লেনদেন করার সময় ক্রেতা-বিক্রেতা সবাইকে সতর্ক থাকতে হবে। টাকা আসল না নকল, তা যাচাই করে নিতে হবে। কারণ ক্রেতা-বিক্রেতা কার ছদ্মবেশ নিয়ে যে জালিয়াত চক্র তৎপরতা চালাবে, তা আগে থেকে বলা মুশকিল।এদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা গেছে, প্রতিবছর তারা কোরবানির পশুর হাটসহ ব্যস্ত বিপণিবিতানগুলোয় জাল টাকার লেনদেন বন্ধে নজরদারি করে। এ বছর নজরদারি আরও বাড়ানো হবে। এ ছাড়া তাদের ভ্রাম্যমাণ দল বিভিন্ন জায়গায় কাজ করবে।করণীয় কীযেখানে টাকা লেনদেন হয়, সেখানেই তটস্থ থাকে দাতা কিংবা গ্রহীতা। কেননা জাল টাকা ধরা পড়লে বিপদে ও বিব্রতকর অবস্থায় পড়তে হবে। এ ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদেরই বেশি ঝুঁকির মধ্যে থাকতে হয়। টাকা দিতে কিংবা নিতে গিয়ে জাল টাকা শনাক্ত হলে কী করবেন, তাঁরা বুঝে উঠতে পারেন না। কারণ, জাল নোট ছিঁড়ে ফেললে এর মালিকের সঙ্গে বচসা লেগে যায়। একই দশায় পড়তে হয় ক্রেতা-বিক্রেতাকে। জাল নোট হলেও নোটের মালিক তা ধ্বংস করতে চান না। কারণ, বেশির ভাগ ক্ষেত্রে তিনিও অন্য কারও কাছ থেকে নোটটি নিয়ে ফেঁসে গেছেন।ব্যাংকে কেউ জাল নোট নিয়ে এলে টাকাসহ তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। এমন নির্দেশনা-সংবলিত বিজ্ঞপ্তিও ঝুলছে নগরের প্রায় সব ব্যাংকেই। একাধিক ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জাল টাকা নিয়ে প্রায়ই তাঁদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়তে হয়।নাম প্রকাশ না করার শর্তে র্যাবের একজন কর্মকর্তা জানান, জাল নোট নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হলে সেই নোটের মালিকসহ নোটটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত। তিনি আরও জানান, জাল টাকা যার কাছে পাওয়া যায়, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাই সাধারণ মানুষকে টাকা লেনদেনের সময় যাচাই-বাছাই করে নোট নিতে কিংবা দিতে হবে।