জাল পাসপোর্টসহ মিয়ানমারের ৩ নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পাসপোর্ট জাল করে বিদেশ যাওয়ার সময় আজ সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই নারীসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে আটক তিনজন হলেন আফসানা আক্তার (২০), সাফিয়া খাতুন (১৯) ও মো. ফারুক (২০)।তাঁদের মধ্যে আফসানা ও সাফিয়া মিহির লঙ্কা এয়ারলাইনসের বিমানে করে থাইল্যান্ড যাচ্ছিলেন। অন্যদিকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে সৌদি আরব যাওয়ার কথা ছিল ফারুকের। আটক তিনজনই মিয়ানমারের মংডুর অধিবাসী।এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলো ডটকমকে জানান, আজ সোমবার সকাল নয়টার দিকে গতিবিধি সন্দেহজনক হলে মো. ফারুক হোসেনকে বিমানবন্দরের চেকইন রো থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ফারুক জানান, কাজের জন্য তিনি সৌদি আরব যাচ্ছিলেন। তিনি জানান, সেখানে তাঁর বেশ কয়েকজন আত্মীয়ও রয়েছেন। অন্যদিকে বেলা ১১টায় আটক সাফিয়া খাতুন জানান, তিনি স্বামীর সঙ্গে দেখা করার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন। আটক তিনজনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।