‘আমরা ঘুমিয়ে যাইনি, আমাদের প্রিয় নেতা লোকমান হোসেন হত্যার বিচার দেখতে জেগে আছি। লোকমান হত্যাকারীরা বাঁচতে পারবে না। জাল বিছানো হয়ে গেছে, এবার রুই-কাতলা এমনকি চুনোপুঁটিও ধরা পড়বে।’এই বক্তব্য নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলামের। তিনি আজ শনিবার সন্ধ্যায় মেয়র লোকমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অথচ এই সাংসদ এক দিন আগে গত বৃহস্পতিবার নরসিংদী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন করে লোকমান হত্যার এজাহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি হত্যা মামলার প্রধান আসামি টেলিযোগাযোগমন্ত্রীর ভাই সালাহউদ্দিনের পক্ষে সাফাই গেয়ে ব্যাপক সমালোচিত হন।আর আজ পৌরবাসীর ব্যানারে শহরের নওয়াববাড়ী পৌর কামালউদ্দিন ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে সাংসদ নজরুল ইসলাম ভোল পাল্টান। তিনি বলেন, ‘নরসিংদীর মানুষের অপেক্ষা, কখন লোকমান হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানো হবে। লোকমান হত্যাকারীর ফাঁসির পর তাদের নিয়ে শোকসভা হওয়া তো দূরের কথা, লাশ নিয়ে আনন্দ-উল্লাস করতে নরসিংদীর মানুষ বসে আছে।’ পৌরবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সাংসদ বলেন, ‘লোকমান হত্যার বিচার দেখতে হলে আমাদের আর একটু ধৈর্য ধরতে হবে।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখতে সবার প্রতি আহ্বান জানান। সমাবেশে জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম সাংসদকে উদ্দেশ করে বলেন, ‘মুখে বললে হবে না, শুধু কথায় পেট ভরবে না, কার্যকারিতা দেখতে চাই। আপনি প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা। আমরা আপনার মাধ্যমে হত্যাকারীদের বিচার দেখতে চাই।’ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া সাংসদের উদ্দেশে বলেন, ‘মাননীয় সাংসদ, আমি লোকমান হত্যার বিচার প্রশাসনের কাছে চাই না। এ বিচার আপনার কাছে চাই। প্রশাসন আজ আছে, কাল থাকবে না। আপনার নরসিংদী ত্যাগ করার কোনো রাস্তা নাই।...আপনার দলীয় কার্যালয়ে একজন জনপ্রতিনিধিকে হত্যা করা হয়েছে। মনে রাখবেন, আপনিও একজন জনপ্রতিনিধি।’পৌরসভার কাউন্সিলর মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুল আলম, পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, প্যানেল মেয়র জহির আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।