শিক্ষাগত যোগ্যতার ভুয়া সনদ জমা দিয়ে চাকরি নেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১০ জন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আরও ২৭ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জন্মতারিখ পরিবর্তন, অভিজ্ঞতার ভুয়া সনদ দেওয়া এবং মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে যোগ দেওয়াসহ বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। এঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।প্রায় দেড় বছর ধরে কর্মকর্তা-কর্মচারীদের সনদ পর্যালোচনা করে এঁদের জাল সনদ চিহ্নিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবু হানিফকে আহ্বায়ক করে গঠিত পাঁচ কর্মকর্তার কমিটি প্রত্যেকের ব্যক্তিগত ফাইলের সনদ সংশ্লিষ্ট বোর্ড-বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যাচাই করে। এই কার্যক্রম তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য তোফায়েল আহমেদ।বরখাস্ত হওয়া ১০ জন কর্মকর্তা-কর্মচারী হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মাহবুব হাসান, শাখা কর্মকর্তা আনিসুর রহমান ও নিলুফা আক্তার, উচ্চমান সহকারী মোহা. উবায়দুল্লাহ, রিয়াজুর রহমান ও ফারজানা চৌধুরী, অফিস সহকারী সাজ্জাদ ও তাসলিমা, নিম্নমান সহকারী হাসানুজ্জামান এবং নাম না জানা আরেকজন। তাঁরা বিভিন্ন পরীক্ষার যেসব সনদ বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছেন, সেগুলো ভুয়া প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে বিভিন্ন সময়ে জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার পর তাঁদের অনেকে পদোন্নতিও পেয়েছেন।গত সোমবার তাঁদের কেন স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না, তা ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে চাকরি নেওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে বেতন-ভাতা বাবদ যে টাকা নিয়েছেন, তা কেন ফেরত নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।জানা যায়, ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। কেউবা চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব আবেদন গ্রহণ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে চাকরি নেওয়া শাখা কর্মকর্তা আনিসুর রহমান গত ছয়-সাত মাস বিশ্ববিদ্যালয়ে আসেন না। তাঁর সনদ যাচাই করতে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর থেকেই অননুমোদিত ছুটিতে আছেন। সহকারী পরিচালক মাহবুব হাসান চাকরি ছাড়ার আবেদন করে পারিবারিক কারণ দেখিয়ে আবার তা প্রত্যাহারের আবেদন করেছেন। শাখা কর্মকর্তা নিলুফা আক্তার পদত্যাগপত্র দিলেও তা গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত শুরুর পর ছুটি ছাড়াই বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করেছেন উচ্চমান সহকারী রিয়াজুর রহমান ও ফারজানা চৌধুরী।