জাল সনদের কারণে অধ্যক্ষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল সনদ দিয়ে চাকরি করার অভিযোগে কুষ্টিয়ায় আবদুল খালেক নামে এক অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া শহরের লরেন্স লেনের নিজ বাসা থেকে কুষ্টিয়া সদর থানার পুলিশ ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করে।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আবদুুল খালেকের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার কাগজপত্র এবং যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো প্রতিবেদন থেকে জানা যায়, আবদুল খালেক তাঁর এইচএসসির সনদে তৃতীয় বিভাগের জায়গায় জালিয়াতি করে দ্বিতীয় বিভাগ লিখে আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে চাকরি করছেন—এমন অভিযোগে ওই কলেজের সাচিবিকবিদ্যা বিভাগের বায়েজিদ হোসেন নামের এক শিক্ষক প্রতারণার মামলা করেন। চলতি বছরের ২৯ সেপ্টেম্বর তিনি কুমারখালী জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তহিদুল ইসলামের আদালতে মামলাটি করেন। পরে আদালত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডকে সনদ যাচাই করে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ১২ অক্টোবর প্রতিবেদনটি যশোর বোর্ড থেকে আদালতে আসে। এর পরিপ্রেক্ষিতে একই আদালত ১৪ নভেম্বর অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু এরপর তিনি এক মাস ধরে পলাতক ছিলেন। আজ তাঁকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।