জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড চরম লজ্জাজনক: ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে গিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে চরম লজ্জাজনক ঘটনা বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিন দিনের ভারত সফরের শেষ দিনে আজ বুধবার পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞস্থলে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্যামেরন এ কথা বলেন। তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি ওই হত্যাযজ্ঞস্থলে উপস্থিত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিভিন্ন মহলের পক্ষ থেকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য ক্যামেরনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল। তবে ওই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাননি তিনি। জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞস্থল পরিদর্শনের সময় সেখানে রাখা স্মারক বইয়ে ক্যামেরন লিখেছেন, ‘ব্রিটিশদের ইতিহাসে এটা (জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড) ছিল একটি চরম লজ্জাজনক ঘটনা।’ক্যামেরন আরও লিখেছেন, ‘এখানে যা ঘটেছিল, তা কোনোভাবেই ভুলবার নয়।’ ১৯১৯ সালের ১৩ এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিতে কয়েক হাজার জনতা সমবেত হয়। সেদিন বিনা উসকানিতে কোনো রকম পূর্বসতর্কীকরণ ছাড়াই একজন ব্রিটিশ জেনারেলের নেতৃত্বে সমবেত জনতার ওপর টানা ১০ মিনিট গুলি চালানো হয়। গুলি চালানোর আগে জালিয়ানওয়ালাবাগ চত্বরের মূল ফটক বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সেনারা। ওই নারকীয় হত্যাযজ্ঞে ভারত এমনকি ব্রিটেনও প্রতিবাদের ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সেসময় একটি তদন্ত কমিটি গঠন করে ব্রিটিশ সরকার। তদন্ত কমিটির প্রতিবেদনে জালিয়ানওয়ালাবাগে ৩৭৯ জনের নিহত হওয়ার কথা স্বীকার করা হয়। তবে ভারতীয় অনুসন্ধানে জালিয়ানওয়ালাবাগে সেদিন এক হাজার মানুষ নিহত হওয়ার বিষয়টি বেরিয়ে আসে।জালিয়ানওয়ালাবাগ হত্যাযজ্ঞের প্রতিবাদে ওই সময় ব্রিটিশদের ‘নাইটহুড’ খেতাব পরিত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর আগে বেশ কয়েকজন ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। ১৯২০ সালে ব্রিটেন উইনস্টন চার্চিল জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডকে ‘দানবীয়’ হিসেবে উল্লেখ করেছিলেন।১৯৯৭ সালে ভারত সফরে এসে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন, জালিয়ানওয়ালাবাগ হচ্ছে ব্রিটিশ ও ভারতের ইতিহাসে দুঃখজনক মুহূর্তের একটি বেদনাকাতর উদাহরণ।