জালিয়াতির জন্য দণ্ডের বিধান রেখে জাতীয় পরিচয়পত্র বিল চূড়ান্ত
জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর থেকে ১৫ বছর পর্যন্ত মেয়াদ এবং জালিয়াতির জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল’ সম্পর্কে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিলটি উপস্থাপন করেন। এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী শফিক আহমেদ সংসদে এ বিলটি উপস্থাপন করেছিলেন।বিলে বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটার হওয়ার যোগ্য নাগরিকেরা জাতীয় পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র দেওয়ার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। মেয়াদোত্তীর্ণ হওয়ার অন্তত ছয় মাস আগে পুনর্নিবন্ধনের জন্য নির্ধারিত ফি ও পদ্ধতিতে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে।এ ছাড়া মিথ্যা তথ্য দেওয়া কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে জেল-জরিমানাসহ সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।নির্বাচন কমিশনের (ইসি) কোনো কর্মকর্তা বা কর্মচারী জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত নষ্ট বা বিকৃত করলে তার জন্যও এই শাস্তির বিধান রাখা হয়েছে। তবে কোনো ব্যক্তি তথ্য নষ্ট বা বিকৃত করলে, তাঁর জন্য দুই বছরের কারাদণ্ড বা ৪০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারের কিছু সেবা পেতে জাতীয় পরিচয়পত্র দাখিল বা প্রদর্শনের ব্যবস্থা চালু করতে পারবে। তবে সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা যাবে না।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮’ প্রণীত হয়। গত বছরের ২৫ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশটি উপস্থাপন করা হয় এবং ৩০ দিন পর অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পায়।পরে জাতীয় পরিচয়পত্র দেওয়ার চলমান কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিধান প্রণয়নে বিলটি আনা হয়। এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে বিলটি অনুমোদিত হয়।পোস্ট অফিস বিল পাস: এ ছাড়া সংসদে আজ পোস্ট অফিস (সংশোধন) বিল-২০০৯ সংসদে পাস হয়েছে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এ বিলের মাধ্যমে বেসরকারি কুরিয়ার সার্ভিসকে একটি আইনের আওতায় আনা হয়েছে।মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মাননা: মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি সাংবাদিক, লেখক, শিল্পী, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল ও সংগঠনকে সংবর্ধনা দেওয়া হবে। এ জন্য মুক্তিযুদ্ধে সহায়তাকারীদের এ বছরের ডিসেম্বরে বিজয় দিবসেই বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছে সরকার।সাংসদ আবুল কালাম আজাদের এক মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে আজ সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম সংসদে এসব কথা বলেন। তিনি বলেন, এরই মধ্যে মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি নাগরিকের মধ্যে অনেককে সম্মাননা জানানো হয়েছে।