জালিয়াতির জন্য দণ্ডের বিধান রেখে জাতীয় পরিচয়পত্র বিল পাস
জাতীয় পরিচয়পত্র নেওয়ার পর থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ এবং জালিয়াতির জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রেখে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিল-২০১০ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে।আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। বিলে বলা হয়েছে, ভোটার তালিকা আইন অনুযায়ী ভোটারযোগ্য নাগরিকেরা জাতীয় পরিচয়পত্র পাবেন। পরিচয়পত্র দেওয়ার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত এর মেয়াদ থাকবে। মেয়াদোত্তীর্ণ হওয়ার অন্তত ছয় মাস আগে পুনর্নিবন্ধনের জন্য নির্ধারিত ফি ও পদ্ধতিতে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে।এ ছাড়া মিথ্যা তথ্য প্রদান কিংবা জাল ও একাধিক জাতীয় পরিচয়পত্র বহন করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত নষ্ট বা বিকৃত করলে তাঁদের জন্যও একই শাস্তির কথা বলা হয়েছে। তবে কোনো ব্যক্তি তথ্য নষ্ট বা বিকৃত করলে তার দুই বছরের কারাদণ্ড বা ৪০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।বিলটির উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের বিষয়টি নাগরিক জীবনে অনেক গুরুত্ব বহন করে এবং নানা প্রয়োজনে তা ব্যবহূত হবে। পরিচয়পত্র জাল ও অবৈধ হস্তান্তর হতে পারে—এমন আশঙ্কা এবং অন্যান্য দেশে এ বিষয়ে শাস্তিযোগ্য বিধান প্রচলিত থাকায় প্রস্তাবিত শাস্তির বিধান রাখা হয়েছে।নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনা, পরিচয়পত্র তৈরি, বিতরণ ও রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব পালন করবে। কমিশনের কাছে আবেদনের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র প্রয়োজনে ফি দিয়ে সংশোধন করা যাবে। তবে পরিচয়পত্রে কমিশন ভুল করলে ফি ছাড়াই শুধু আবেদন করে তা সংশোধন করার সুযোগ রয়েছে। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলেও নির্ধারিত ফি দিয়ে আবেদন সাপেক্ষে নতুন জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।সরকার প্রজ্ঞাপন জারির মাধ্যমে নাগরিকদের কিছু সেবা পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র দাখিল বা প্রদর্শনের ব্যবস্থা চালু করতে পারবে। তবে সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র না দেওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা যাবে না।বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮ জারি হয়। নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গত বছরের ২৫ জানুয়ারি অধ্যাদেশটি উপস্থাপন করা হয় এবং ৩০ দিন পর অধ্যাদেশটির কার্যকরতা লোপ পায়।পরে জাতীয় পরিচয়পত্র দেওয়ার চলমান কার্যক্রম অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিধান প্রণয়নে বিলটি আনা হয়। গত ১৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদের বৈঠকে বিলটি অনুমোদন করা হয়। গত সোমবার বিলটি সম্পর্কে আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে প্রতিবেদন উপস্থাপন করেন।