জালিয়াতির মাধ্যমে কাজ পাওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিথ্যা তথ্য ও সনদ জালিয়াতির মাধ্যমে কাজ পাওয়া খননযন্ত্র নির্মাতাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো ওই প্রতিষ্ঠানকে নতুন করে খননযন্ত্র সরবরাহের কাজ দেওয়ার পাঁয়তারা চলছে। প্রকৃত উৎপাদনকারী হিসেবে ‘জাল সনদ’ জমা দিয়ে কাজ পাওয়া এ প্রতিষ্ঠানের নাম ভোসতা-এলএমজি কর্ণফুলী।বাংলাদেশ ও নেদারল্যান্ডের যৌথ বিনিয়োগকারী এ প্রতিষ্ঠানটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জন্য ৫২৯ কোটি টাকার খননযন্ত্র (ড্রেজার) সরবরাহের কাজ পেয়েছে। আর প্রকৃত উৎপাদনকারী হিসেবে ভোসতা-কর্ণফুলীর দেওয়া সনদটি যে জাল, সেটি নেদারল্যান্ড গত জুনে সরকারকে অবহিত করে।এ ব্যাপারে গত ১০ আগস্ট প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা জানতে চেয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে চিঠি পাঠায় পানিসম্পদ মন্ত্রণালয়। গত ১৩ আগস্ট মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ভোসতা-কর্ণফুলীর প্রতারণার বিষয়ে পাউবোর আইন উপদেষ্টার সঙ্গে পরামর্শক্রমে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’জানতে চাইলে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সম্প্রতি তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের পাঠানো চিঠিটি পেয়েছি। এ ব্যাপারে খুব শিগগির বসে করণীয় ঠিক করব। বিশেষ করে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কি না, সেটি খতিয়ে দেখতে হবে। খননকাজ পরিচালনার জন্য আমাদের আরও খননযন্ত্র লাগবে। তবে আগামীতে খননযন্ত্র কেনার যে পরিকল্পনা রয়েছে, সে জন্য পর্যাপ্ত তহবিল নেই।’তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকার কারণেই কি অভিযুক্ত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে চাননি।পানিসম্পদ মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের চিঠিটি গত ৪ সেপ্টেম্বর পানিসম্পদ সচিবের কাছে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, খননযন্ত্র সরবরাহের কাজ পাওয়া প্রতিষ্ঠানের (ভোসতা-কর্ণফুলী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে ক্রয়-প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে। এর ফলে খননযন্ত্র সংগ্রহ ও খনন কার্যক্রম বিঘ্নিত হতে পারে। এ ছাড়া দরপত্র বাতিল করলে জরিমানার মাশুল গুনতে হবে সরকারকে। এ ছাড়া আইনি জটিলতার মুখোমুখি হতে হবে। অন্যদিকে, সরকারের জরুরি ভিত্তিতে আরও খননযন্ত্র প্রয়োজন হলেও সরকারের কাছে টাকা নেই। এসব বিবেচনায় ভোসতা-কর্ণফুলীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার পক্ষে মন্ত্রণালয়ের বড় একটি অংশ। তবে যে দেশে খননযন্ত্র তৈরি হয়, সে দেশ অর্থাৎ নেদারল্যান্ডের রাষ্ট্রদূত চিঠি দিয়ে সনদ জালের বিষয়টি জানিয়েছেন। তাই নেদারল্যান্ডের আনুষ্ঠানিক অভিযোগের পর ভবিষ্যতে এ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া যাবে কি না, সেটি নিয়ে ভাবার আছে বলে মনে করেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।এদিকে পানিসম্পদ মন্ত্রণালয় অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের মতামত চাইলেও এ ব্যাপারে কোনো তৎপরতা নেই নৌপরিবহন মন্ত্রণালয়ের। কারণ, একই প্রতিষ্ঠানটি বিআইডব্লিউটিএর জন্য ১৭১ কোটি টাকা মূল্যের চারটি খননযন্ত্র সরবরাহ করেছে। এ ছাড়া ঢাকায় বিদায়ী ডাচ রাষ্ট্রদূত আলফন্স হ্যানিক্যান্স গত ১৭ জুন পানিসম্পদমন্ত্রীকে লেখা চিঠিতে সনদ জালের বিষয়টি উল্লেখ করেন। চিঠির অনুলিপি দেওয়া হয় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান ও নৌসচিবকে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভোসতা-কর্ণফুলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিএর কাছে কিছু জানতে চায়নি। উপরন্তু ভারতের দেওয়া ঋণচুক্তির আওতায় সংস্থার জন্য যে তিনটি খননযন্ত্র সরবরাহ করা হবে, সেটিতে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দিতে দরপত্রের শর্তে পরিবর্তন আনা হয়েছে।মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এদিকে একই প্রতিষ্ঠানকে প্রায় ১৫১ কোটি টাকা মূল্যের ছয়টি খননযন্ত্র সরবরাহের কাজ দেওয়ার পাঁয়তারা শুরু হয়েছে। যদিও ওই দরপত্রের কার্যাদেশ না দেওয়ার ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে, বিআইডব্লিউটিএ ড্রেজার বিভাগের প্রধান প্রকৌশলী হাসান মাহমুদ তারেককে পুনরায় স্বপদে বহাল করা হয়েছে। ইতিপূর্বে খননযন্ত্র কেনায় অনিয়ম ও ভারতের ঋণচুক্তির আওতায় খননযন্ত্র সংগ্রহে নিয়মবহির্ভূতভাবে দরপত্রের শর্ত পরিবর্তনসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। কিন্তু এসব অভিযোগের পর কোনো রকম তদন্ত ছাড়াই তাঁকে পুনরায় স্বপদে ফেরানো হয়েছে। গত ১৭ জুন ঢাকায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত পানিসম্পদমন্ত্রীকে চিঠিতে বলেন, ‘ভোসতা-এলএমজির দেওয়া সনদের পরিপ্রেক্ষিতে গত ১ মার্চ আপনাকে জানিয়েছিলাম, প্রতিষ্ঠানকে একটি প্রকৃত খননযন্ত্র প্রস্তুতকারী হিসেবে বিবেচনা করা যেতে পারে। আর এটি বাংলাদেশে দরপত্রে অংশ নেওয়ার পূর্বশর্ত। এ ব্যাপারে আমস্টারডাম চেম্বার অব কমার্স এবং নেদারল্যান্ড জাহাজ নির্মাতা সংস্থার সনদের উল্লেখ করি। দুঃখজনক ঘটনা হচ্ছে, আমরা পরে জানতে পেরেছি, আমস্টারডাম চেম্বারের যে সনদটি ভোসতা আমাদের দিয়েছে, সেটি জাল। এটি জেনে আমরা আমস্টারডাম চেম্বারের সঙ্গে যোগাযোগ করি। গত ১১ জুন আমস্টারডাম চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, ভোসতা যে সনদটি দিয়েছে, সেটি তারা দেয়নি।’ চিঠির শেষে রাষ্ট্রদূত আলফন্স হ্যানিক্যান্স বলেন, ‘মিথ্যা সনদের ভিত্তিতে আমরা আপনাদের ভুল তথ্য সরবরাহের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাই আমরা গত মার্চে যে অবস্থানের কথা জানিয়েছিলাম, তা শুধরে নিচ্ছি। এবং আমাদের কাছে এমন কোনো বস্তুনিষ্ঠ তথ্য নেই, যা থেকে প্রতীয়মান হয় যে ভোসতা প্রকৃত অর্থে খননযন্ত্র নির্মাতাপ্রতিষ্ঠান।’