জালিয়াতির সঙ্গে সরকার জড়িত নয়: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্ক কেলেঙ্কারি নিয়ে জাতীয় সংসদ আবার উত্তপ্ত হলো। গতকাল বৃহস্পতিবার সরকারি দলের সাংসদেরা এ বিষয়ে সরকার ও অর্থমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থ জালিয়াতির সঙ্গে তাঁর মন্ত্রণালয় বা সরকার জড়িত নয়।গত মঙ্গলবার এক সেমিনারে অর্থমন্ত্রী বলেছিলেন, ঋণ দেওয়া হয় ৪০ হাজার কোটি টাকা। এর মধ্যে চার হাজার কোটি টাকা কিছুই না। এ নিয়ে সরকারের ভেতরে-বাইরে সমালোচনার ঝড় বইতে থাকে। তবে গতকাল অর্থমন্ত্রী এই বক্তব্যের জন্য সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।যদিও মঙ্গলবারের বক্তব্যের সপক্ষে সচিবালয়ে বুধবারও অর্থমন্ত্রী বলেছিলেন, ‘হ্যাঁ। আমি আবারও বলছি। ৪০ হাজার কোটি টাকার মধ্যে চার হাজার কোটি টাকা খুবই কম টাকা। এ নিয়ে এত হইচইয়ের কিছু নেই।’খুলনা উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা-সম্পর্কিত সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে সংসদে গতকাল হলমার্কের বিষয়টি আলোচনায় আসে। আগের দিনও হলমার্ক কেলেঙ্কারি নিয়ে সংসদে আলোচনা হয়।সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০১১ সালে সোনালী ব্যাংক হলমার্কের ব্যাপারে দুটি প্রতিবেদন দিয়েছিল। এখন দেখা যাচ্ছে, দুটি প্রতিবেদনই অসত্য ছিল। প্রথমে ব্যাংকের পরিচালনা পর্ষদ হলমার্ককে ৬৫ কোটি টাকা ঋণ দেয়। এর সুযোগে কর্মচারীদের যোগসাজশে তারা অনেক টাকা পাচার করে।অর্থমন্ত্রী জানান, ২০১১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে সোনালী ব্যাংক তদন্ত শুরু করে অনেক কিছু পায়। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকও তদন্ত করে। তারাও যথেষ্ট তথ্য পায়। তারা সোনালী ব্যাংককে জানিয়ে দেয়, এর সঙ্গে কিছু দুষ্ট লোক জড়িত। এর পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক ফাংশনাল অডিটের (কার্যক্রম নিরীক্ষা) হুকুম দেয়। রীতি অনুযায়ী সেটা কখনো প্রকাশ করা হয় না। এর উদ্দেশ্য হলো, প্রথমে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে স্বীকৃতি আদায় করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো, স্বীকৃতি আদায় করে কী করে টাকাপয়সা আদায় করা যায়। এবং তাঁদের বলা, যে টাকা নিয়েছেন, তা ঋণ হিসেবে গণ্য করে তার জন্য জামানত জমা দেন। কারণ, জামানত থাকলে ঋণ আদায় হওয়ার সুযোগ থাকে। তারপর মামলা-মোকদ্দমা বা দুদকে যাওয়া যাবে।অর্থমন্ত্রী বলেন, ‘সমস্যা হলো, বিষয়টি গোপন থাকেনি। এতে ভালো-খারাপ দুটোই আছে। আমার সাড়ে তিন বছরের অভিজ্ঞতা হলো, যথাযথ সাক্ষীর অভাবে মামলা চালানো যায় না। এ জন্য দুদককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর কারণ হলো, দুদক এসব তদন্তের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান।’অর্থমন্ত্রী আরও বলেন, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ ৬৫ কোটি টাকার ঋণ ছাড়া অন্য কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিল না। সোনালী ব্যাংক অসত্য বিবরণ দিয়েছে।গত ২৭ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রতিবেদন-সংবলিত এক চিঠিতে অর্থমন্ত্রীকে জানান, সোনালী ব্যাংকের শেরাটন শাখা (বর্তমান রূপসী বাংলা) থেকে ২০১০-২০১২ সময়ে মোট তিন হাজার ৫৪৭ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই আত্মসাৎ করেছে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা।এতে আরও বলা হয়, সোনালী ব্যাংকে সংঘটিত অনিয়মগুলোর প্রকৃতি অত্যন্ত গুরুতর। ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার অনেক স্তর থাকা সত্ত্বেও বিষয়টি কারও নজরে আসেনি, তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। গভর্নর বলেন, এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগসাজশে বা সম্মতিতে জালিয়াতির মাধ্যমে এত বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।গতকাল সংসদে অর্থমন্ত্রী বলেন, দায়ী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দুজনকে বরখাস্ত করা হয়েছে। ১৯ জনকে সাময়িক বরখাস্ত এবং দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এ ধরনের উচ্চপদস্থ ব্যক্তিদের অতীতে কোনো দিন শাস্তি দেওয়া হয়নি।এর আগে জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যের উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘চার হাজার কোটি টাকা তেমন কিছু না—সেদিন আমার এই কথাটা বলা ঠিক হয়নি। বলা হচ্ছে, এতে দুর্নীতিকে উৎসাহিত করা হচ্ছে। এ জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন।’এরপর আব্দুল জলিল বলেন, ‘আমি একটি ব্যাংকের সঙ্গে জড়িত। পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া কোনো ঋণ অনুমোদন হয় না। এ ঘটনায় মানুষের যে প্রতিক্রিয়া, তা আমাদের জন্য দুর্ভাগ্যের ইঙ্গিত। অর্থমন্ত্রী বলেছেন, চার হাজার কোটি টাকা কিছু না। কত টাকা হলে কিছু হবে? অর্থমন্ত্রী বলেছেন, দুই হাজার কোটি টাকা পাওয়া যাবে। তাহলে বাকি টাকার কী হবে?’ তিনি এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করেন।আবদুল মতিন খসরু বলেন, ‘এত বড় ঘটনার পর এখন পর্যন্ত কেন একজনও গ্রেপ্তার হলো না? চার হাজার কোটি টাকা কোথায় গেল, জাতি জানতে চায়।’তোফায়েল আহমেদ বলেন, ‘এ ঘটনার সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ জড়িত। এদের কেন অপসারণ করা হচ্ছে না? এই পর্ষদ রাখলে দায় সরকারের ওপর আসবে। কারণ, পর্ষদ সরকার নিয়োগ দিয়ে থাকে।’জাতীয় পার্টির মুজিবুল হক বলেন, ‘এলসির মাধ্যমে টাকা বিদেশে পাচার করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হোক। সোনালী ব্যাংকের কর্মকর্তাদের ওএসডি কেন, বরখাস্ত করেন।’অর্থমন্ত্রীর কাছে বিবৃতি দাবি করে রাশেদ খান মেনন বলেন, ‘হলমার্কের ব্যবস্থাপনা পরিচালকের ইতিহাস সবার জানা উচিত। আগারগাঁওয়ের একটি মুদি দোকান থেকে তার উত্থান। ব্যাংকের কেউ জড়িত না থাকলে সে এত দূর আসতে পারে না। সরকার জড়িত আছে কি না, খুঁজে দেখা উচিত।’সবশেষে অর্থমন্ত্রী আবার বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক সম্পর্কে আমি কিছুই জানতাম না। এ ঘটনায় সরকারের সম্পৃক্ততার ব্যাপারে আমি কোনো প্রমাণ পাইনি। আমি বিশ্বাস করি, মন্ত্রণালয় এর সঙ্গে জড়িত না। তদন্ত চলছে, ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘তদন্ত পরিচালনার জন্য পর্ষদ রাখা দরকার। ৯ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের মেয়াদ এমনিতেই শেষ হবে। তখন ভেবেচিন্তে ব্যবস্থা নেওয়া হবে।’অর্থমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বোধ হয় আমি। যাঁরা ঘৃণা করেন, তাঁদের ঘৃণা করার অধিকার আছে। কারণ, এটা নিয়ে দেশে আলোড়ন চলছে। তবে আমার ব্যাংক খাতের স্বাস্থ্য ভালো, অর্থনীতিও ভালো। দুর্জন সব জায়গাতেই থাকে, আমাদের এখানেও আছে। তদন্তের স্বার্থে অপেক্ষা করেন, জড়িতদের গ্রেপ্তার করা হবে। সোনালী ব্যাংক মূল্যবান ব্যাংক। এখানে খেলাপি ঋণ কম। তাই এটাকে রক্ষা করতে হবে।’হলমার্ক কেলেঙ্কারিতে অর্থমন্ত্রী সরকারি সম্পৃক্ততার প্রমাণ না পেলেও কেন্দ্রীয় ব্যাংক এ ঘটনার জন্য সরকারের নিয়োগ করা সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদকে দায়ী করেছে। সম্প্রতি অর্থমন্ত্রীকে পাঠানো গভর্নরের চিঠিতে বলা হয়েছে, হলমার্ক গ্রুপ যে সোনালী ব্যাংক থেকে দুই হাজার ৬৮৬ কোটি টাকা আত্মসাৎ করেছে, তার দায়দায়িত্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপরই বর্তায়। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে পর্ষদ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। আর এ ঘটনা সমগ্র ব্যাংক খাতের ওপরই বিরূপ প্রভাব ফেলেছে। গভর্নর সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।২০০৯ সালের ৯ সেপ্টেম্বর তিন বছরের জন্য সরকার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেয় এ ব্যাংকেরই সাবেক কর্মকর্তা কাজী বাহারুল ইসলামকে। তিন বছর হিসেবে কাল শনিবার তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ এড়িয়ে এবং এত সমালোচনার মধ্যেও মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই গত বুধবার তাঁকে আবার ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত’ সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ দেয় সরকার।