জাসদ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতেরা হলেন—নতুন আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও কর্মী রুবেল। দুজনকেই কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।জাসদ ছাত্রলীগের এ সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে পবিত্র রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবির আজ মিছিল বের করলে সেখান থেকে সাইফুল ইসলাম নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ তাঁর কাছ থেকে গুলতি ও মার্বেল উদ্ধার করেছে বলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা গেছে।