জাসাসের অনুষ্ঠানে দুই পক্ষের হাতাহাতি
জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোচনা সভায় সাধারণ সম্পাদক মনির খানের সমর্থক ও সহসভাপতি বাবুল হোসেনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।আজ রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টি পারপাস হল রুমে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংগঠনের আলোচনা সভায় এ হাতাহাতির ঘটনা ঘটে।বিকেল সাড়ে তিনটার দিকে অনুষ্ঠানস্থলে বাবুল হোসেনের উপস্থিতিতে তাঁর সমর্থকেরা মনির খানকে ধাওয়া দেন। এ সময় মনির খানের সমর্থকেরা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কেউ এতে আহত হননি। একপর্যায়ে সংগঠনের সভাপতি আবদুল মালেক ও বাবুল হোসেন এবং তাঁদের সমর্থকেরা কক্ষ থেকে বেরিয়ে যান।ঘটনার কিছুক্ষণ পর অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সেখানে উপস্থিত হন। সভাপতি আবদুল মালেক অনুষ্ঠানে উপস্থিত হলেও বাবুল হোসেন বা তাঁদের সমর্থকেরা আর ফিরে আসেননি।মনির হোসেন সাংবাদিকদের বলেন, বাইরের কিছু লোক এই হামলা চালিয়েছেন। এর সঙ্গে সংগঠনের ভেতরের কিছু লোকও জড়িত। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।