জাস্টিন ল্যাঙ্গার এখন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখে সানগ্লাস, দুহাত বুকে বাঁধা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন প্রেমাদাসার নেটে একে একে ব্যাটিং করছেন হাডিন, ওয়াটসন, পন্টিংরা। তিনি দাঁড়িয়ে আম্পায়ারের জায়গায়। মুখে কোনো কথা নেই। দৃষ্টি শুধু নেটের ব্যাটসম্যানের দিকে। আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে থাকা ভাবলেশহীন মানুষটি জাস্টিন ল্যাঙ্গার। শেষ ওয়ানডে খেলার প্রায় ১৪ বছর আর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার চার বছর পর প্রথম এসেছেন বিশ্বকাপে!ওপেনিংয়ে যাঁর জায়গায় সুযোগ পেয়ে ল্যাঙ্গারের টেস্ট ক্যারিয়ারের সাফল্যময় দ্বিতীয় অধ্যায়ের শুরু, সেই মাইকেল স্ল্যাটারের সঙ্গে একটা জায়গায় দারুণ মিল। দুজনই টেস্ট খেলেছেন ওয়ানডের মতো করে, কিন্তু ক্যারিয়ার-জুড়ে ওয়ানডে দলে ছিলেন ব্রাত্য। স্ল্যাটার তবু ৪২টি ওয়ানডে খেলেছেন, ল্যাঙ্গার মাত্র আটটি। এর ছয়টিই ১৯৯৪ সালে, ১৯৯৫ ও ১৯৯৭ সালে একটি করে। বিশ্বকাপ খেলার তাই প্রশ্নই ওঠে না। ল্যাঙ্গার তবু বিশ্বকাপের অংশ হতে পারলেন এবার। অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ হিসেবে!টেস্টে যাঁর স্ট্রাইক রেট মার্ক ওয়াহ, ডেমিয়েন মার্টিনদের চেয়ে বেশি, তিনি কেন ওয়ানডেতে সুযোগ পেলেন না, সে বড় এক রহস্য। যতটুকু সুযোগ পেয়েছেন, তাতে খারাপও করেননি খুব একটা। সাত ইনিংস খেলে পাঁচবারই ২০ বা তার বেশি রান, তিনবারই স্ট্রাইক রেট ছিল এক শর ওপর, সব মিলিয়ে ক্যারিয়ার স্ট্রাইক রেট ৮৮.৮৮। অথচ ক্যারিয়ার-জুড়ে তাঁর সঙ্গে লেগে থাকল কেবল টেস্ট ব্যাটসম্যানের তকমা। কারও কারও ভাগ্যই এমন। যেমন ভিভিএস লক্ষ্মণ। অস্ট্রেলিয়ার বিশ্ব শাসন করার সময়ে তাদের বিপক্ষে ২১ ওয়ানডেতে চারটি সেঞ্চুরি তাঁর, অথচ ওয়ানডে ক্যারিয়ারটা কখনো পূর্ণতা পেল না। ২০০৩ সালে দীনেশ মঙ্গিয়া, ২০০৭ সালে রবিন উথাপ্পা, দীনেশ কার্তিকরা বিশ্বকাপ খেলে ফেললেন, অথচ লক্ষ্মণের বিশ্বকাপ খেলা হলো না।ল্যাঙ্গারের ক্ষেত্রে অবশ্য আরেকটি ব্যাপারও ছিল। শুরুর দিকে মূলত তিনি ছিলেন তিন নম্বর ব্যাটসম্যান। অভিষেকের পর থেকে জায়গাটা রিকি পন্টিং এমনভাবে নিজের করে নেন যে ডেভিড বুন পর্যন্ত নিজে থেকে সরে দাঁড়ান। পরে ল্যাঙ্গার যখন ওপেনিংয়ে উঠে এলেন, কাজটা কঠিন হয়ে গেল আরও। প্রথমে মার্ক ওয়াহ-গিলক্রিস্ট, পরে হেইডেন-গিলক্রিস্ট। ল্যাঙ্গার সুযোগ পাবেন কীভাবে!২০০৬-০৭ অ্যাশেজের পর গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের সঙ্গেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন। ভবিষ্যৎ করণীয় নিয়ে নিশ্চিত ছিলেন না নিজেই। কাউন্টি দল সমারসেটের অধিনায়ক ছিলেন আগে থেকেই, কোচ কাম ক্যাপ্টেন হওয়ার প্রস্তাবটা গ্রহণ করলেন সানন্দেই। ২০০৯ সালের নভেম্বরে প্রস্তাব পেলেন প্রিয় জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার। না করার কোনো কারণই খুঁজে পাননি।চাইলে লেখালেখি করেও জীবন কাটিয়ে দিতে পারতেন। পত্র-পত্রিকায় কলাম লেখা তো আছেই, এখনো পর্যন্ত বই লিখেছেন চারটি। কাউন্টির জীবন নিয়ে ফ্রম আউটব্যাক টু আউটফিল্ড। ২০০১ সালে তাঁর ক্যারিয়ারের নাটকীয় পুনরুজ্জীবন নিয়ে দ্য পাওয়ার অব ফ্যাশন। আরেকটি আবার স্টিভ হার্মিসনের সঙ্গে যৌথভাবে, ২০০৬-০৭ অ্যাশেজ নিয়ে। শেষটির নাম সিয়িং সানরাইজ। বয়সটা একটু বেশি হয়ে গেছে। না হলে হয়তো মার্শাল আর্টটা আরেক দফা ঝালিয়ে নিতে পারতেন। অনেকেই হয়তো জানেন না, ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার আগেই জেন ডো কাইয়ে (ফ্রি স্টাইল মার্শাল আর্ট) ব্ল্যাক বেল্ট ছিল তাঁর। তবে ধমনিতে যাঁর ক্রিকেটের রক্ত, ক্রিকেট ছাড়া অন্য কিছু কি আর তাঁর ভালো লাগবে! জাতীয় দলের প্রস্তাবটা তাই লুফে নিয়েছেন। সেই থেকে আছেন, আর আছেন বলেই স্বাদ পেলেন বিশ্বকাপের। হোক না সেটা ‘দুধের স্বাদ ঘোলে মেটানো’, তার পরও হচ্ছে তো, কতজন তো এতটুকুও পাননি!