ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতিষ্ঠিত জাস্টিস আবদুল্লাহ ট্রাস্ট ফান্ডে নিটল গ্রুপ দুই লাখ টাকা অনুদান দিয়েছে।আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমানের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন নিটল গ্রুপের পরিচালক আবদুল মান্নান আহমাদ।উল্লেখ্য, নিটল গ্রুপের পরিচালক আবদুল মান্নান মরহুম জাস্টিস আবদুল্লাহর বড় ছেলে।‘জাস্টিস আবদুল্লাহ ট্রাস্ট ফান্ডে’র আয় থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি সম্মান পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের স্বর্ণপদক দিয়ে থাকে।২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে জাস্টিস আবদুল্লাহ ট্রাস্ট ফান্ড গঠন করা হয়। উল্লেখ্য, জাস্টিস আবদুল্লাহর চতুর্থ ছেলে এবং নিটল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এই ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য।চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, জাস্টিস আবদুল্লাহর মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক তাসলিমা মনসুর, আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সুমাইয়া খায়ের, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।