জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর দুদকের আইনজীবী এম এ আজিজ খান বলেন, হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দুদকের আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে নানকের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নেই। জানা গেছে, ১৮ লাখ ২৭ হাজার ১০৯ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২৫ মার্চ রমনা থানায় দুদক মামলাটি করে। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে নানকের স্ত্রী সৈয়দা আরজুমান্দ বানু হাইকোর্টে রিট করেন। এ পরিপ্রেক্ষিতে ওই বছরের ৯ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত এবং রুল জারি করেন। এ আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে দুদক চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে আদালত তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।