হেফাজতে ইসলামের ডাকা ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি প্রতিহত করতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন গণজাগরণ মঞ্চের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। আজ সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে তাঁরা অবরোধ কর্মসূচি শুরু করেন।এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে গণজাগরণ মঞ্চের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলকারীরা প্রান্তিক গেটে এসে মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন।গণজাগরণ মঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা কলি মাহমুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করতেই আমরা মহাসড়ক অবরোধ করে রেখেছি। আমাদের এই অবরোধ আগামীকাল পর্যন্ত চলবে।’ এদিকে গণজাগরণ মঞ্চের মহাসড়ক অবরোধ কর্মসূচির ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে শতাধিক পরিবহন আটকে আছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে ব্যবহূত গাড়িগুলো অবরোধের বাইরে রাখা হয়েছে।