জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের পুনর্মিলনী আজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের পুনর্মিলনী আজ। ১৯৯৯ সালে পাস করার পর থেকে এ ব্যাচের এটাই প্রথম পুনর্মিলনী। পুনর্মিলনী কমিটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান জানান, এ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর জমজমাট আড্ডা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন আমাদের ব্যাচের বন্ধুরা, তাঁদের পরিবার ও ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবীর। সন্ধ্যায় রয়েছে গানওয়ালা ব্যান্ডের কনসার্ট। এই কনসার্ট পরিবেশিত হবে স্যামসাংয়ের সৌজন্যে। কনসার্ট শেষে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র। বাংলাদেশের ব্যান্ড সংগীতে নতুন একটি ধারা সৃষ্টির প্রত্যাশায় গানওয়ালা ব্যান্ড প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। গানওয়ালা মনে করে, প্রেম শুধু মানব-মানবীর সম্পর্কের বিষয় নয়, প্রকৃতির সঙ্গেও মানুষের একটি নিবিড় প্রেমের সম্পর্ক গড়ে তোলা জরুরি। তাই গানের বিষয়বস্তুও অনেক বেশি পরিবেশ-প্রকৃতিকেন্দ্রিক। ২০০৮ সালে প্রকাশিত হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’। এ অ্যালবামের সব কটি গান ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ব্যান্ডের প্রধান দুই সদস্য সাজেদ ফাতেমী ও ওয়াহিদ রাসেল এই বিশ্ববিদ্যালয়ের এবং ২২তম ব্যাচেরই ছাত্র।