জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহ আলম শাহীনের (২৮) রহস্যজনক মৃত্যু হয়েছে। শাহ আলমের বাবার অভিযোগ, তাঁর শ্বশুর, শ্যালক ও স্ত্রী মিলে তাঁকে মারধর করে হত্যা করেছেন।স্বজনেরা জানান, আজ শুক্রবার সকালে শাহ আলমকে মারধর করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান তাঁর মা। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সন্ধ্যা সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।শাহ আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রভাষক। তাঁর মামা জাহাঙ্গীর আলম জানান, এক বছর আগে বাবার অমতে জান্নাতুল ফেরদৌস জুঁইকে বিয়ে করেন শাহ আলম। স্ত্রী ও মা হামিদা পারভীনকে নিয়ে তিনি সাভার ব্যাংক কলোনির ডি-১৪/৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী জান্নাতুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েন। এর আগে বিভিন্ন সময় জান্নাতুল মারধর করেন শাহ আলমকে। সর্বশেষ আজ সকালে জান্নাতুলের বাবা নজরুল ইসলাম ওরফে নুরু মুন্সী ও ভাই সোহাগ এসে শাহ আলম ও তাঁর মা হামিদার ওপর হামলা করেন। দুপুর ১২টার দিকে আহত অবস্থায় শাহ আলমকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বাবা সিরাজুল ইসলাম জানান, শাহ আলমের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে তাঁর ছেলেকে খুন করেছেন।শাহ আলমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের ভাঙ্গুড়ায়। স্ত্রী জান্নাতুলের বাড়িও একই জেলায়।মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, এ ঘটানায় রাতে শাহ আলমের মা বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, শাহ আলমের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এ নিয়ে আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে জান্নাতুল, তাঁর বাবা ও ভাই শাহ আলমকে মারধর করেন। রাতে অনেক চেষ্টা করেও শাহ আলমের স্ত্রী বা শ্বশুরপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।