জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্ধ শতাধিক শিক্ষকের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যার বিচারসহ সাত দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অনশন করেছেন অর্ধ শতাধিক শিক্ষক। শিক্ষক সমাজের ব্যানারে আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আন্দোলন করছি।’ ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন চলবে বলে তিনি জানান।অনশন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুন, সম্পাদক মোহাম্মদ শরীফউদ্দিন, আন্দোলন পরিচালনা পর্ষদের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন, মানস কুমার চৌধুরী, রায়হান রাইন, স্বাধীন সেনসহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।উপাচার্যের কার্যালয়ে সকাল ১০টার দিকে উপাচার্য শরিফ এনামুল কবিরের সঙ্গে আন্দোলন ও সমাবর্তন প্রসঙ্গে আলোচনা করেন শিক্ষকেরা। এ সময় উপাচার্য শিক্ষকদের দাবির বিষয়ে মৌখিকভাবে আশ্বাস দেন। তবে তাঁরা লিখিতভাবে আশ্বাসের বিষয়টি জানানোর জন্য উপাচার্যকে জানিয়েছেন।গত মঙ্গলবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার দাবি করে আন্দোলন কর্মসূচি শুরু হয়। সাত দফা দাবিতে ছয় দিন ধরে এই কর্মসূচি চলবে। আজ ছিল কর্মসূচির তৃতীয় দিন।