জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুনি ও ধর্ষক প্রতিরোধ দিবস কাল বৃহস্পতিবার। দিবসটি উদ্যাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট আজ বুধবার থেকে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১১টার দিকে সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। সমাজবিজ্ঞান ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক জোটের সভাপতি কলি মাহমুদ, সাধারণ সম্পাদক শাকিলা শারমিন প্রমুখ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক সংগঠন ধ্বনি, আনন্দন ও জলসিঁড়ি কবিতা, গান, কোরাস ও নাটক প্রদর্শন করে। আগামীকাল বৃহস্পতিবার একই স্থানে সন্ধ্যায় সাড়ে সাতটায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সভা শেষে নাটক ‘একটি নন ফিকশন’ ও ‘চক্রব্যূহ’ পরিবেশন করবে জাহাঙ্গীরনগর থিয়েটার। দিবসটি উপলক্ষে ‘২ আগস্ট চেতনা মঞ্চ’ এর ব্যানারে কাল বেলা ১১টায় শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভা, মিছিল ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়েছে।প্রসঙ্গত, ১৯৯৮ সালে ক্যাম্পাসে ধর্ষক ও খুনি গ্রুপ নামে ছাত্রলীগের দুটি অংশ ছিল। সে সময় ছাত্রলীগের একটি অংশের নেতা-কর্মীদের দ্বারা ছাত্রী ধর্ষণের খবর পত্রিকায় প্রকাশিত হলে শুরু হয় আন্দোলন। আন্দোলন চলাকালে ২৩ আগস্ট ছাত্রলীগের নেতা-কর্মীরা নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ২৪ সেপ্টেম্বর এক সিন্ডিকেট সদস্য লাঞ্ছিত হন। ১৯৯৯ সালের ২ আগস্ট সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মধ্য দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। তখন থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ২ আগস্ট পালিত হয় খুনি-ধর্ষক প্রতিরোধ দিবস।