জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে সাবাড়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৩৬টি গাছ কেটে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভিন্ন জাতের গাছগুলো ছিল মূল ফটক থেকে শহীদ মিনার পর্যন্ত বিস্তৃত সড়কদ্বীপে।কর্তৃপক্ষ গাছ কাটার পেছনে যুক্তি হিসেবে বলছে, মূল ফটক থেকেই যাতে শহীদ মিনার দেখা যায়, সে জন্য এটি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দুই দিন আগে থেকে গাছগুলো কাটতে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শহীদ মিনারের সামনে থেকে একটি বট ও কড়ই গাছ কেটে ফেলা হয়। গত এক সপ্তাহে সড়কদ্বীপ থেকে ঝাউ, দেবদারুসহ বিভিন্ন প্রজাতির ৩০টির বেশি গাছ কাটা হয়। দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘সবার দাবির প্রতি সম্মান না দেখিয়ে ঈদের ছুটির মধ্যে গাছগুলো কেটে ফেলা হয়েছে। বন্ধের মধ্যে গাছ কাটার মধ্য দিয়ে প্রশাসনের ধূর্ত ও স্বেচ্ছাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে।’ রায়হান রাইন বলেন, গত জুন মাসে গ্রীষ্মকালীন ছুটির সময়ই প্রশাসন গাছ কাটা শুরু করেছিল। সে সময় শিক্ষক-শিক্ষার্থীদের বাধার মুখে গাছ কাটা বন্ধ রাখে প্রশাসন।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) এ বি এম আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, মূল ফটক থেকে শহীদ মিনার দৃষ্টিগোচর করার জন্য পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। ওই পরিকল্পনায় সৌন্দর্যবর্ধনের জন্য সড়কদ্বীপে ফুলের গাছ লাগানোরও সিদ্ধান্ত হয়েছিল। পরিকল্পনা অনুসারেই ‘স্বচ্ছ প্রক্রিয়ায়’ সব কাজ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।