জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মীর মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় হলের তিনজন ছাত্রলীগের কর্মী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী নওফেল, বিমল ও নাজমুল বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের কর্মী জহির, শাহাজাদা ও রুবেল ওই চায়ের দোকানে আসেন। এরপর আগে বাসে ওঠা নিয়ে নওফেলের সঙ্গে তাঁদের কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী কিরন সেখানে উপস্থিত হলে রুবেল কাচের গ্লাস দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। খবর পেয়ে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় হলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জহির, শাহাজাদা ও নাজমুল আহত হন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর জহির ও শাহজাদাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, বিষয়টি তাত্ক্ষণিকভাবে উপাচার্যকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।