জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিয়েছে ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দলীয় স্লোগানসংবলিত ব্যানার পুড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এলাকায় এ ঘটনা ঘটে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে লিখিতভাবে আশুলিয়া থানায় অনুরোধ করা হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদের নেতৃত্বে আট-১০জন কর্মী মূল ফটকসংলগ্ন ডেইরি গেটে আসেন। এ সময় তাঁরা মূল ফটকে টাঙানো ছাত্রলীগের দলীয় স্লোগানসংবলিত একটি ব্যানার খুলে তাতে আগুন লাগিয়ে দেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তাঁরা চলে যান। ব্যানার পোড়ানোর ঘটনাটি স্বীকার করে গালিব ইমতিয়াজ নাহিদ বলেন, বিভিন্ন সময়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের চাঁদাবাজি ও মারধরের শিকার হয়েছেন। জুলাই মাসে খালেদা জিয়ার ম্যুরাল ভাঙচুর করা হয়। অভিযোগ করা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই ঘটনাটি ঘটেছে বলে তিনি দাবি করেন।ছাত্রলীগের উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান খান সাগর বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।