জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা ৮ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তিপরীক্ষা আগামী ৮ অক্টোবর শুরু হচ্ছে। শেষ হবে ১৩ অক্টোবর। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ৩৩টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মোট দুই হাজার ৪০০ শিক্ষার্থী ভর্তি করা হবে।জানা গেছে, আগামী ৮ অক্টোবর ‘ক’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) পরীক্ষার মাধ্যমে ভর্তিপরীক্ষা শুরু হবে। ৯ অক্টোবর ‘ঘ’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ১০ অক্টোবর ‘ঙ’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ১১ অক্টোবর ‘খ’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) ও ‘ছ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি), ১২ অক্টোবর ‘চ’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ—জেইউ) ও ‘জ’ ইউনিট (আইন অনুষদ) এবং ১৩ অক্টোবর ‘গ’ ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিপরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয়ে শিফট পদ্ধতিতে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় এক ঘণ্টা পাঁচ মিনিট।ভর্তিপরীক্ষা শুরুর আগের দিন প্রতি ইউনিটের পরীক্ষার আসনবিন্যাস ডিন অফিস ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www. Juniv.edu/admission.php) থেকে পাওয়া যাবে। এ ছাড়া ভর্তিপরীক্ষা শেষ হওয়ার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলেও জানা গেছে।