জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদকের নীল ছোবল
হেমায়েত (ছদ্মনাম)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে কোনো দিন সিগারেট মুখে ধরেননি তিনি। বলছিলেন সে কথা—‘হলের এক বড় ভাই ক্যাম্পাসে মহড়া দেওয়ার জন্য আমাকেসহ নতুন ছাত্রদের হলের বাইরে নিয়ে যান। তাঁরা হলের ভেতরে ও বাইরে মিছিলসহ মহড়া দিতে আমাদের বাধ্য করেন। উপহার হিসেবে হাতে ধরিয়ে দেন সিগারেট। তারপর ধীরে ধীরে তাঁদের সংস্পর্শেই গাঁজা সেবনে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন ফেনসিডিলসহ অন্য মাদকও নিতে হয়।’ এসব এখন ছাড়তে পারেন কি না, জিজ্ঞাসা করলে বলেন, ‘এখন ভুল বুঝতে পারছি। তবুও এ অভ্যাস ত্যাগ করতে পারছি না অনেক চেষ্টা করেও।’সরেজমিনে দেখা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র হলসহ বিভিন্ন স্থানে প্রতিদিন রাতে তো বটেই, দিনের বেলাও চলে মাদক সেবন। দিনের বেলায় সাধারণত হলের ছাদ, কেন্দ্রীয় ছাত্র সংসদ চত্বর, কেন্দ্রীয় খেলার মাঠের পাশে বসে মাদকসেবীদের আসর। গাঁজা, মদ, ফেনসিডিল সেবনের পাশাপাশি অনেকে ইনজেকশনে মাদক নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল পারভেজ মাদকের ব্যাপারে রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন, ‘সিনিয়র’ নেতারা মাঝেমধ্যে ‘জুনিয়র’ নেতা-কর্মীদের সিগারেট দেন। তবে এ ক্ষেত্রে কাউকে জোর বা বাধ্য করা হয় না।একাধিক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কলমার আউকপাড়া এলাকার শরবত আলী ও আনসার হোসেন, রাঙামাটি-বিশমাইল এলাকার গণেশ ও আলী, ইসলামনগর বাজার এবং কলাবাগান এলাকার আইয়ুব আলী, আলমগীর, আনোয়ার ক্যাম্পাসে পৃথক পৃথক চক্রের মাধ্যমে মাদক সরবরাহ করে থাকে। আবার অনেক শিক্ষার্থী সরাসরি ঢাকার কয়েকটি বস্তি ও সাভারের বক্তারপুর মসজিদ এলাকা থেকে মাদক সংগ্রহ করে থাকেন।সম্প্রতি মাদক বিক্রেতা আইয়ুব আলীর কাছে মুঠোফোনে মাদক (ফেনসিডিল ও গাঁজা) কিনতে চাই জানালে তিনি পরিচয় জানতে চান। তাঁকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে তিনি বলেন, ‘আইয়া পড় মামু। ২০০ থেকে ৩০০ টাকার গাঁজা আছে। বেশি চাইলে এক দিন অপেক্ষা করতে হবে।’ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তিনি নতুন যোগ দিয়েছেন। মাদক ব্যবসায়ী বা ব্যবহারকারীদের ব্যাপারে তেমন কোনো তথ্য তাঁর জানা নেই। ছাত্রসংগঠনের নেতাদের ইন্ধনের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে অনেকেই কৌতূহল ও হতাশায় পড়ে মাদক নিলেও পরবর্তী সময়ে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের একাধিক মাদক সেবনকারী নাম না প্রকাশ করার শর্তে জানান, ফেনসিডিল ও গাঁজার পাশাপাশি বর্তমানে মাদকসেবীরা মরফিন, পেথিডিন-জাতীয় চেতনানাশক ওষুধ ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করছেন। এ ছাড়া বিভিন্ন ধরনের ঘুমের বড়ি, সিরাপ, দুধ ও জুস দিয়ে ‘ঝাক্কি’ নামে মাদক নিজেরাই তৈরি করছেন। তাঁরা জানান, ক্যাম্পাসে বর্তমানে নিয়মিত মাদকাসক্তের সংখ্যা শ তিনেক হবে।জানা গেছে, ক্যাম্পাসে মাদকাসক্তের সংখ্যা বাড়ায় আশপাশের এলাকায় ছিনতাই ও চুরির হারও বেড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে হলের বিভিন্ন কক্ষ থেকে মোবাইল ফোনসেট, মানিব্যাগ, এমনকি কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। আর এর সঙ্গে মাদকসেবীরা জড়িত বলে অভিযোগ করেছেন অনেকেই।আশুলিয়া থানার ওসি জানান, তিনি যোগদান করার পর কিছু ছিনতাইয়ের অভিযোগ পেয়েছেন। অভিযোগ পেলে তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি দাবি করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মাদকসেবীর সংখ্যা হাতে গোনা এবং ইনজেকশন ব্যবহার করে মাদক নেওয়ার কোনো তথ্য আমার জানা নেই।’ প্রক্টর বলেন, হলের ভেতরে মাদক সেবন বন্ধ করতে হল প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। জোর করে মাদক সেবনে বাধ্য করা ও হলে মাদক সরবরাহ করার ক্ষেত্রে ছাত্রনেতাদের সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি বলে জানান।