জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সড়ক দুর্ঘটনায় নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম হোসেন (৫৮) গতকাল সোমবার রাতে আশুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর গাড়িচালক হিরণ (১৯)।এ কে এম গোলাম হোসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে আশুলিয়া মরাগাঙ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় তাঁকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি। এতে গাড়িটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। চালক ও আরোহী অধ্যাপককে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে গোলাম হোসেনের মৃত্যু হয়। রাত সোয়া ১১টার দিকে তাঁর লাশ বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকার বাসায় নিয়ে আসা হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিড় জমান। উপাচার্য আনোয়ার হোসেন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য ভবনের সামনে তাঁর জানাজা হবে বলে জানিয়েছেন শিক্ষকেরা।গোলাম হোসেনের গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।