জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের হাজিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালত অবমাননার মামলায় আজ বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী আদালতে হাজির হয়েছিলেন। বেলা ১১টার দিকে তাঁরা আদালতে হাজির হন।আদালত অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে উপাচার্য শরীফ এনামুল কবির ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। ৩ জুন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দায়ের করা আদালত অবমাননার মামলায় আজ তাঁদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে আরেক নারী সহকর্মী যৌন হয়রানির অভিযোগ আনেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্ত চলাকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরে ১৭, ১৮ ও ৩০ এপ্রিল অভিযোগকারীর নাম উল্লেখ করে তদন্ত-সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ ছাড়া ১ মে একটি টেলিভিশন চ্যানেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগকারী নিজে অভিযোগ আনেননি, অন্যরা তাঁকে দিয়ে অভিযোগ করিয়েছেন—এ বক্তব্য দিতে গিয়ে অভিযোগকারীর নাম উল্লেখ করেন। এটি হাইকোর্টের নির্দেশনা পরিপন্থী উল্লেখ করে ২ জুন হাইকোর্টে আদালত অবমাননার মামলাটি করে আসক।