জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের অদূরে এক সড়ক দুর্ঘটনায় রাহাদুল ইসলাম নয়ন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাহাদুল জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি আশুলিয়ার রোয়াইল গ্রামে। প্রত্যক্ষদর্শী ওই কলেজেরই এক ছাত্র সাব্বির হোসেন জানান, রাহাদুল, রুবেল ও সোহেল তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে কলেজ থেকে বের হয়ে সাভারের দিকে যাচ্ছিলেন। পথে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের অদূরে যাত্রীবাহী একটি কোচকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা কাঠবোঝাই একটি রিকশা ভ্যানের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। পরে তাঁদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রাহাদুলকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিত্সাধীন। সাভার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।