জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯ জন। গতকাল শনিবার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম (২৩), বাগহাটা নূর আফতাবউদ্দিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও সাহেপ্রতাপ এলাকার মিলন মিয়ার ছেলে মুন্না মিয়া (১২), জেলার দলিল লেখক ছাত্তার (৪০), বাগহাটা এলাকার আসাদ মিয়া (৪০) ও অজ্ঞাতপরিচয় এক নারী।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার সাহেপ্রতাপ বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী লেগুনা মাধবদীতে যাচ্ছিল। সকাল ১০টার দিকে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে ভৈরবগামী চলনবিল পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনাটি দুমড়েমুচড়ে বাগহাটা এলাকার বিএল প্রিন্ট শাড়ি কারখানার প্রধান ফটক ভেঙে রাস্তার পাশে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই ছাত্তার মিয়া ও অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে রফিকুল ইসলাম, মুন্না মিয়া ও আসাদ মিয়ার মৃত্যু হয়। আহতদের ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় চলনবিল পরিবহনের ওই বাসটি অপর একটি বাসকে অতিক্রম করছিল। ঘটনার পরপরই জেলার সিভিল সার্জন আবদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও বাগহাটা নূর আফতাবউদ্দিন উচ্চবিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ করে। এ সময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে গতিরোধক নির্মাণের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়। গতকাল সন্ধ্যা সাতটার দিকে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। স্বপ্নের মৃত্যু: ‘আমার আর টাকা কামাই করে কী হবি? আমার ভাই যে আর লেহাপড়া করবি না নে। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল যে।’ নরসিংদী জেলা হাসপাতালের মর্গে এভাবেই বিলাপ করছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুলের বড় ভাই আবু কালাম। পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুলের বাড়ি পাবনা সদর উপজেলার শুকচর গ্রামে। তাঁর বাবা জায়েদ আলী কৃষি কাজ করেন। বড় ভাই রাজমিস্ত্রি আবু কালাম রফিকুলের লেখাপড়া খরচ চালাতেন। গত শুক্রবার সকালে লেখাপড়ার খরচের টাকা নেওয়ার জন্য আবু কালামের কর্মস্থল নরসিংদীর শিবপুর উপজেলার বড়ইতলায় যান রফিকুল। সেখান থেকে সন্ধ্যায় তিনি সাহেপ্রতাব এলাকার চাচাতো বোন ফরিদার বাসায় বেড়াতে যান। গতকাল শনিবার সকালে নাশতা করে তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। কান্নাজড়িত কণ্ঠে আবু কালাম বলেন, ‘শুক্রবার দুই হাজার টাকার জন্য রফিকুল আমার কাছে আসে। আমার কাছে টাকা না থাকায় ঠিকাদার ইসমাইল ভাইয়ের কাছ থেকে দুই হাজার টাকা ধার করে এনে তাকে দিয়ে বললাম, ভালো করে লেহাপড়া করিস।’ এ কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেন আবু কালাম।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রফিকুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে গতকাল ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সরকার ও রাজনীতি বিভাগের সব ক্লাস স্থগিত রাখা হয়। দুর্ঘটনার সংবাদ শোনার পরপরই আ ফ ম কামাল উদ্দিন হলের প্রাধ্যক্ষ ফরিদ আহমেদ, সহকারী প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা সাহেপ্রতাব এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন। বিকেলের দিকে তাঁরা রফিকুলের লাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরেন।