জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। সাতটার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনিক ভবন অবরোধ করা হয়। বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি চলে। ফলে প্রশাসনিক ভবনে কেউ প্রবেশ করতে পারেননি। খোলা যায়নি প্রশাসনিক ভবনের মূল ফটকের তালাও। সকাল সাড়ে সাতটার দিকে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ভবনের সামনে এলেও কর্মসূচির কারণে ফিরে যান। উপাচার্যও কর্মসূচির কারণে প্রশাসনিক ভবনে যেতে পারেননি। ভবন অবরুদ্ধ থাকায় প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন ভবনের সামনের গাছতলায়। এদিকে আন্দোলনকারী শিক্ষকেরা ক্লাস না নিয়ে এ ধরনের কর্মসূচি পালন করায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন আন্দোলনের বাইরে থাকা একাধিক শিক্ষক।কর্মসূচিতে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক পৃথ্বিলা নাজনীনসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষকদের এ কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক অসিত বরণ পাল প্রথম আলো অনলাইনকে বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই বর্তমান প্রশাসন উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু শিক্ষকদের একটি অংশ বিষয়টিকে সাধুবাদ না জানিয়ে স্থগিতের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, শিক্ষকদের এ ধরনের কর্মসূচির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন বিঘ্নিত হচ্ছে।সম্মিলিত শিক্ষক পরিষদ সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হানিফ আলী বলেন, ‘উপাচার্য প্যানেল নির্বাচনের আগে পর্যায়ক্রমে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট ও জাকসু নির্বাচন দিতে হবে। যৌক্তিক দাবি আদায়ে বাধ্য হয়ে আমাদের কর্মসূচি পালন করতে হচ্ছে।’