জাহাঙ্গীরনগরে অনশনে আরও তিন শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন কর্মসূচিতে আজ শুক্রবার যোগ দিয়েছেন আরও তিন শিক্ষার্থী। দুপুর সাড়ে ১২টার দিকে রিদম রহমান, মোমেনা ইসলাম ও দেবাংশু ঘোষ অনশনে যোগ দেন।এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থী ও সাংস্কৃতিক জোটের কর্মী সাদিয়া জাফরিন, আতিয়া ফেরদৌসী, জুবায়ের হোসাইন ও রাসেল রানা। অসুস্থ হয়ে পড়লে রাসেল রানাকে গত বুধবার হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই অনশন শুরু করেন শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী মইনুল ইসলাম।বুধবার বেলা পৌনে ১১টার দিকে অনশনে যোগ দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা সুলতানা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোমা মমতাজ। তবে আন্দোলনরত শিক্ষকেরা গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলে এ দুই শিক্ষক অনশন ভঙ্গ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগের দাবিতে শিক্ষক সমাজের ব্যানারে অনেক দিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকেরা। পরে সাধারণ শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। উপাচার্যপন্থী ছাত্রলীগ সাংস্কৃতিক জোটের কর্মীদের ওপর হামলা চালালে এর প্রতিবাদে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে ১ মে থেকে অনশন কর্মসূচি শুরু হয়।