জাহাঙ্গীরনগরে অবরোধ কর্মসূচি চলছেই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে আজ সোমবার দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলছে। ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এই কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পূর্বে উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।আজ সকাল সাতটার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে সাতদিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে আজ প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। কর্মসূচিতে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ এর যুগ্ম আহ্বায়ক মুহম্মদ হানিফ আলী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, পৃথ্বিলা নাজনীন, সৈয়দ কামরুল আহসান, শামীমা সুলতানাসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত আছেন। কর্মসূচির কারণে প্রশাসনিক ভবনে কেউ প্রবেশ করতে পারেনি। কর্মচারীরা প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা খুলতে পারেননি।‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ এর যুগ্ম আহ্বায়ক মুহম্মদ হানিফ আলী প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রশাসন যদি দ্রুত আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সিদ্ধান্ত না নেয়, তবে পরবর্তী কর্মসূচির কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে দুর্ভোগের মধ্যে পড়তে হবে। এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।’ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান।