জাহাঙ্গীরনগরে উপাচার্য প্যানেল নির্বাচন শান্তিপূর্ণভাবে করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেলের নির্ধারিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের নিষ্পত্তি করে এ আদেশ দেন। কাল শুক্রবার উপাচার্য প্যানেলের নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং ভোটাধিকার প্রয়োগ করতে না পারার আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক আবুল খায়ের আজ রিট আবেদনটি করেন। এ আবেদনে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চাওয়া হয়।শুনানি নিয়ে আদালত রিট আবেদনকারীর নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করার বিষয়টি নিশ্চিত করারও নির্দেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী শাহদীন মালিক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশিরউল্লাহ শুনানি করেন। মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে আন্দোলন করছেন ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। শিক্ষকদের কর্মসূচির কারণে রোববার থেকে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনের সব কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারী শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচির কারণে বিভিন্ন বিভাগের পাঠদান কার্যক্রমও বন্ধ।