ছাত্রীদের হলে গিয়ে উপাচার্যের দুঃখ প্রকাশ
জাহাঙ্গীরনগরে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্ররা ও আজ শুক্রবার সকাল নয়টার মধ্যে ছাত্রীরাও হল ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে রওনা হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের ছুটির আগেই ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় গতকাল রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন ছাত্রীদের হলে হলে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলে জানা গেছে।এদিকে ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার ও আশুলিয়া থানায় পৃথক দুটি এবং সন্ত্রাসী হামলার শিকার তাহমিদুল ইসলাম লিখনের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় একটি মামলা করা হয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, থানার উপপরিদর্শক (এসআই) বদরুল আলম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা করেছেন।সাভার থানার ওসি মো. আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, সাভার থানায়ও একই অভিযোগে এসআই সাজ্জাদ রোমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া গত বুধবার রাতে আহত তাহমিদুল ইসলামকে কোপানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে তাঁর মা কাজী জোহরা বেগম সাভার থানায় ১০ জনের নাম উল্লেখ করে করে একটি মামলা দায়ের করেছেন।