জাহাঙ্গীরনগরে ডিন নির্বাচন ২৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদে স্থগিত ডিন নির্বাচন ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলকক্ষে ডিন প্রার্থীদের সঙ্গে এক সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তারিখ ঘোষণা করে। নির্বাচনে দুজন করে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোট গ্রহণ চলবে।গত ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনার কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।নির্বাচনে ৪৬৩ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।সমাজবিজ্ঞান অনুষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান ডিন অধ্যাপক সাজেদ আশরাফ করিম ও অর্থনীতি বিভাগের সভাপতি মো. আমির হোসেন। কলা ও মানবিকী অনুষদে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান ও ইংরেজি বিভাগের শিক্ষক আহমেদ রেজা; জীববিজ্ঞান অনুষদে ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল খায়ের এবং গাণিতিক ও পদার্থবিজ্ঞানবিষয়ক অনুষদে প্রার্থী হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবুল হোসেন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলো ডটকমকে বলেন, প্রার্থীদের সম্মতিক্রমে স্থগিত ডিন নির্বাচন ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে।