জাহাঙ্গীরনগরে নির্বাচন অনুষ্ঠিত, ক্লাসে ফিরছেন শিক্ষকেরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হয়েছে। এতে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ৫০, বর্তমান উপাচার্য আনোয়ার হোসেন ৩৮ ও নুরুল আলম ৩৭ ভোট পেয়েছেন। আজ শুক্রবার প্রশাসনিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। পরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষকেরা কাল থেকে ক্লাসে ফিরবেন বলে জানান। আন্দোলনরত সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন সংবাদ সম্মেলনে বলেন, আগামীকাল থেকে তাঁরা ক্লাসে ফিরে যাচ্ছেন। তবে তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।বেলা ১১টায় উপাচার্য প্যানেল নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা একটার দিকে শেষ হয়। সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির ৫০ ভোট পেয়ে প্রথম হন। বর্তমান উপাচার্য আনোয়ার হোসেন ও নুরুল আলম দুজনই ৩৫ ভোট করে পান। পরে পাঁচবারের লটারিতে তিনবার আনোয়ার হোসেন ও দুইবার নুরুল আলম জয়ী হন। এতে চূড়ান্তভাবে ৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হন আনোয়ার হোসেন ও ৩৭ ভোট পেয়ে তৃতীয় হন নুরুল আলম। আফসার আহমদ ১৮ ও শামসুল কবির খান পায় ৩ ভোট। নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় শরিফ এনামুল কবির বলেন, ‘আমি প্রথম হয়েছি, এতেই আমি খুশি।’ অন্যদিকে, বর্তমান উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজ একটি ঐতিহাসিক দিন।’ বেলা ১১টা থেকে তিনটি প্যানেলে ভোট নেওয়া শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় প্যানেলে থাকা শামসুল কবির খান নির্বাচন বর্জন করলে দুটি প্যানেলে ভোট গ্রহণ চলে। প্রথম প্যানেলে ছিলেন বর্তমান উপাচার্য আনোয়ার হোসেন, নুরুল আলম ও আফসার আহমদ। দ্বিতীয় প্যানেলে ছিলেন সাবেক উপাচার্য শরীফ এনামুল কবির। এই প্যানেলে তাঁর সঙ্গে ইসমাইল হোসেন থাকলেও তিনি সাড়ে ১১টার দিকে নাম প্রত্যাহার করে নেন। তৃতীয় প্যানেলে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন) পরিচালক শামসুল কবির খান। দুপুর সাড়ে ১২টার দিকে শামসুল কবির খানসহ পাঁচজন সিনেট সদস্য নির্বাচন বর্জন করেন। উপস্থিত সাংবাদিকদের শামসুল কবির খান বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত উপাচার্য প্যানেল নির্বাচনে শিক্ষকদের একাংশকে অংশগ্রহণ করাতে প্রশাসন ব্যর্থ হওয়ায় আমরা নির্বাচন থেকে সরে এসেছি।’ এর আগে সাড়ে ১০টার দিকে উপাচার্য আনোয়ার হোসেন প্রশাসনিক ভবনের সিনেট হল থেকে ভবনের সামনে আন্দোলনকারীদের মধ্যে যাঁরা সিনেট সদস্য রয়েছেন, তাঁদের নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানান। এদিকে সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন শিক্ষকেরা। মানববন্ধনে সাতজন সিনেট সদস্য অংশ নেন। এরপর মুখে কালো কাপড় বেঁধে তাঁরা মৌন মিছিল করেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে উপাচার্য আনোয়ার হোসেন প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত ও অনশনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাঁদের অবস্থান ও অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। সকাল ১০টার দিকে সিনেট সদস্য মোহাম্মদ আশরাফউদ্দিন খান অনশনকারীদের সঙ্গে কথা বলেন। অনশনকারীদের দাবির বিষয়ে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলবেন জানিয়ে তাঁদের অনশন ভাঙান। পরে শিক্ষক সমিতির সভাপতি ও আন্দোলনকারী শিক্ষক এ এ মামুন প্রশাসনিক ভবনের সামনে থেকে তাঁদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলো ডট কমকে বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ জলকামান রাখা হয়। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের নিষ্পত্তি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেলের নির্ধারিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেওয়া হয়।