জাহাঙ্গীরনগরে বিভিন্ন দাবিতে তিন বিভাগের কর্মসূচি
শ্রেণীকক্ষের সংকট নিরসনসহ কয়েকটি দাবিতে আজ শনিবার পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।তিন বিভাগের অবস্থান কর্মসূচিপ্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে নতুন কলা ভবনের সামনে থেকে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে এসে ভবনের মূল ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে আছে—শ্রেণীকক্ষের সংকট নিরসনে নতুন কলা ভবনে কক্ষ বরাদ্দ, সেমিনার-লাইব্রেরি ও ল্যাবরেটরি নির্মাণ এবং বিভাগের ইংরেজি নামের সঙ্গে সংগতিপূর্ণ বাংলা নামকরণ।বেলা ১১টার দিকে পৃথকভাবে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন। পরে তাঁরা প্রশাসনিক ভবনের একটি ফটকের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রত্নতত্ত্ব বিভাগের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিভাগের ল্যাবরেটরিগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো, নিজস্ব জাদুঘর স্থাপন, প্রয়োজনীয় শ্রেণীকক্ষ বরাদ্দ। একই সময়ে আন্তর্জাতিক বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের সংকট নিরসন করে কলা ও মানবিক অনুষদ ভবনে বিভাগটি স্থানান্তরের দাবি জানান।ডিন-সভাপতি-শিক্ষকদের সঙ্গে উপাচার্যের বৈঠকসকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে কলা ও মানবিকী অনুষদের ডিন, অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য মো. আনোয়ার হোসেন। এ সময় শিক্ষকেরা উপাচার্যকে নতুন কলা ভবনের বর্ধিতাংশের কাজ দ্রুত সম্পন্ন এবং ভবনটি আরও একতলা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। উপাচার্য বিষয়টি সময়সাপেক্ষ উল্লেখ করে শ্রেণীকক্ষ ব্যবহারে সমন্বয় করার মাধ্যমে শিক্ষা-কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। নয় মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাসবেলা দেড়টার দিকে উপাচার্য মো. আনোয়ার হোসেন প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন। তিনি বিষয়টি সিনেটে উত্থাপন এবং নয় মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন।