জাহাঙ্গীরনগরে শিক্ষক-শিক্ষার্থীদের তিনটি মৌন মিছিল
ছাত্রলীগের হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় আজ শনিবার ক্যাম্পাসে পৃথক তিনটি মৌন মিছিল করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক এ এ মামুনকে লাঞ্ছিত করার নিন্দা জানিয়ে সকাল ১০টার দিকে একটি মৌন মিছিল বের করে ওই বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি পদার্থবিজ্ঞান ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের অমর একুশে ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।বেলা ১১টার দিকে ‘শিক্ষক সমাজ’-এর ব্যানারে অমর একুশে ভাস্কর্যের পাদদেশ থেকে একটি মৌন মিছিল বের করা হয়। এটি ক্যাম্পাসের শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় জুবায়েরের হত্যাকারীদের প্রচলিত আইনে বিচার, শিক্ষক সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার ঘটনায় প্রক্টরের পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন নাসিম আকতার হোসাইন, এ কে এম শাহনেওয়াজ, জামালউদ্দিন রুনু, এ টি এম আতিকুর রহমান প্রমুখ।এদিকে, একই সময়ে উপাচার্যপন্থী শিক্ষকেরা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকার নিন্দা জানিয়ে মৌন মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন থেকে মৌন মিছিলটি শুরু হয়ে অমর একুশের পাদদেশে গিয়ে শেষ হয়।