জাহাঙ্গীরনগরে শিক্ষকদের কর্মবিরতি চলছেই
উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করার দাবিতে আজ বুধবারও কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকেরা। ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা এ কর্মসূচি পালন করছেন।মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়ার প্রতিবাদে এই আন্দোলন চলছে। শিক্ষকদের কর্মসূচির কারণে বেশ কিছু বিভাগের বেশ কিছু কোর্সের ক্লাস হয়নি।‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচি শুরু করেন। পরিষদের আহ্বায়ক এম এ মতিন প্রথম আলো ডটকমকে বলেন, একটি পক্ষের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, সিনেট সদস্যদের নির্বাচনের আগে উপাচার্য প্যানেল নির্বাচন দেওয়া হয়েছে। দাবি আদায়ে তাঁদের আন্দোলন চলবে।উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, উপাচার্য প্যানেল নির্বাচন পূর্বঘোষিত সময় অনুযায়ী হবে। তিনি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আন্দোলনকারী শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।