জাহাঙ্গীরনগরে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।এদিকে গতকাল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ও আচার্য মো. জিল্লুর রহমানের সঙ্গে পরামর্শ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিস্থিতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন আসবে বলে আভাস পাওয়া গেছে।গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে ক্যাম্পাসে ফিরে সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষকদের ফোরাম শিক্ষক সমাজের আহ্বায়ক নাসিম আখতার হোসাইন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসের ওপর শিক্ষক সমাজের পূর্ণ আস্থা রয়েছে। এই আস্থা রেখেই আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। আশা করছি, তিনি দ্রুত সমাধান দেবেন।’তবে উপাচার্য শরীফ এনামুল কবির পদত্যাগ না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের কর্মীরা। শিক্ষক সমাজের সংবাদ সম্মেলনের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাকিলা শারমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসের ওপর আমরা শ্রদ্ধা রেখেই আন্দোলন চালিয়ে যাব।’ সংবাদ সম্মেলনের পর সাংস্কৃতিক জোট উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মিছিল করে। দুজন শিক্ষক সাংস্কৃতিক কর্মী হওয়ায় তাঁরাসহ কয়েকজন অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, অনশনকারীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের থাকতে বলা হয়েছে। এ ছাড়া একটি অ্যাম্বুলেন্সও সেখানে রাখা হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উভয় অংশকে ডেকে গতকাল আলাদাভাবে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন। দুপুরে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ক্লাসে যান। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখেন। সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের অবহিত করেন।প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী তাঁদের বক্তব্য শুনেছেন। তিনি শিক্ষকদের আন্দোলন ছেড়ে ক্লাসে যাওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে আরও বলেন, ‘আমরা যখন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি, তখন আপনারা ক্লাস নেওয়া বন্ধ রেখেছেন। এত দিন ক্লাস হলো না, এই ক্ষতি কীভাবে পূরণ করবেন? এটা কাম্য নয়। ছেলেমেয়েরা আপনাদের কাছ থেকে কী শিখবে?’এ ব্যাপারে জানতে চাইলে বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবির কথা শুনেছেন। তিনি তাঁদের আশ্বস্ত করেছেন। শিক্ষকেরাও প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। শিক্ষক প্রতিনিধিদলে ছিলেন এ এ মামুন, শরীফউদ্দিন, নাসিম আখতার হোসাইন প্রমুখ।এরপর রাতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে উপাচার্য শরীফ এনামুল কবিরের নেতৃত্বে শিক্ষকদের অপর অংশের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী উপাচার্যসহ শিক্ষকদের বলেন, শিক্ষকদের মধ্যে বিভাজন কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।গতকাল উপাচার্যের পদত্যাগের পক্ষে-বিপক্ষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। সাংস্কৃতিক জোটের কর্মীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে মিছিল করেন। প্রায় একই সময় উপাচার্যপন্থী শিক্ষকেরা আন্দোলনকারীদের দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে ক্যাম্পাসে মৌন মিছিল করেন।গতকাল দুপুরে অনশনকারীদের দেখতে যান লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। তিনি আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এ ছাড়া গত তিন দিনে সাংস্কৃতিক জোটের কর্মীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, আইনজীবী সারা হোসেন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, অধ্যাপক আনু মুহাম্মদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেত্রী শম্পা রেজাসহ ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী ও ছাত্র ফেডারেশনের নেতারা।